হঠাৎ অবসরে স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটে রান নেই। এক সপ্তাহ আগে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে ইংল্যান্ড। নিজের আর দলের এই অবস্থা যেন সইতে পারছিলেন না অ্যান্ড্রু স্ট্রাউস। তাই তো আজ বুধবার হঠাত্ করেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের টেস্ট দলের এই অধিনায়ক।‘গত সপ্তাহজুড়ে অনেক ভাবনাচিন্তার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এবং সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। শুরুতে সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এই সড়ে দাঁড়ানো ইংল্যান্ড ক্রিকেটের মঙ্গলের জন্যই।’ লর্ডসে এক সংবাদ সম্মেলনে বলেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাউস।ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে স্ট্রাউসের অভিষেক ১৯৯৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এর ছয় বছর পর, ২০০৩ সালে। ২০০৯ সালে পান ইংল্যান্ড দলের অধিনায়কত্ব। ক্যারিয়ারের এই দীর্ঘ যাত্রায় যাঁদের অবদান রয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্ট্রাউস। তিনি বলেন, ‘অবিশ্বাস্য যাত্রায় যাঁরা আমাকে সহায়তা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। মিডলসেক্স ও ইংল্যান্ড দলে আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফ, যাঁদের সঙ্গে আমি যথেষ্ট কাজ করার সুযোগ পেয়েছি, সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি। বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি অ্যান্ডি ফ্লাওয়ার ও ডানকান ফ্লেচারকে।’স্ট্রাউস বলেন, ‘চারপাশে জোরালো সহায়তা না পেলে কেউ দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে না। ইংল্যান্ড দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার চালিয়ে যেতে আমাকে সহায়তা করায় পরিবারকে ধন্যবাদ জানাতে চাই আমি।’ক্রিকেটার হিসেবে নিজের অর্জন সম্পর্কে স্ট্রাউস বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যা অর্জন করেছি, সবকিছুর জন্য আমি গর্বিত। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিস্টার কুক ও দলের সবার প্রতি আমার শুভকামনা রইল। আগামী দিনে আমি আগ্রহী দর্শক হয়ে থাকব।’স্ট্রাউস অবসর নেওয়ায় টেস্ট দলের দায়িত্বও যাচ্ছে ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুকের কাঁধে। বিদায়ী স্ট্রাউস সম্পর্কে কুকের মূল্যায়ন, ‘যাঁরা ক্রিকেট অনুসরণ করছেন, তাঁরাই কেবল বলতে পারবেন, সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড ক্রিকেটে স্ট্রাউসের অবদান কতটুকু। ওর মতো একজনের সঙ্গে ড্রেসিংরুমে কাটাতে পারায় আমরা ভাগ্যবান। অধিনায়ক হিসেবে স্ট্রাউস ছিল অতুলনীয়। সত্যিকারের নায়ক হিসেবে ও সাড়ে তিন বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। দেশের হয়ে ১০০ টেস্ট খেলা অনেক বড় অর্জন। অসাধারণ ক্যারিয়ারের জন্য স্ট্রাউস ধন্যবাদ।’ রয়টার্স।