হঠাৎ গ্যালারিতে ‘জামাল-ঝড়!’
কারও হাতে হলুদ পতাকা। কারও মাথায় হলুদ ফেট্টি। কারও গায়ে হলুদ টি-শার্ট। হলুদের সমারোহে গ্যালারি যেন কাল হলুদ সমুদ্র! মাঠে কি তাহলে ‘ব্রাজিল’ খেলছে?শেখ জামাল ধানমন্ডির রূপটা ব্রাজিলের মতোই। হলুদ জার্সি, নীল শর্টস। ক্লাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজা ৬-৭ হাজার দর্শক বসল আবাহনী গ্যালারিতে। শেখ জামালের নামে উচ্চ স্বরে স্লোগান তুলল তারা কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।গ্যালারিতে দর্শক আসা ফুটবলের জন্য ভালো খবর, কিন্তু এই দর্শকেরা কোন শুভ ইঙ্গিত নিয়ে এসেছিল, বোঝা গেল না। তাদের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত আবেগ কোথায়? লিগের একেবারে শেষ প্রান্তে ‘বিশেষ ব্যবস্থা’য় তাদের নিয়ে আসা হয়েছে। অনেকের হাতে নানা রকম প্ল্যাকার্ড। দুটির ভাষা এমন: ‘শেখ জামালের গায়ে পাতানো খেলার অপবাদ দেওয়ার ষড়যন্ত্র রুখে দাও’ এবং ‘শেখ জামালের অগ্রযাত্রা রুখতেই পাতানো খেলার অভিযোগ আনা হয়েছে’।নিরপেক্ষ দর্শকদের বুঝতে আর বাকি থাকেনি যে শেখ জামালের বিরুদ্ধে ওঠা পাতানো খেলার অভিযোগ খণ্ডাতেই এই সমর্থকদের ‘শুভাগমন’। তবে যে কারণেই আসুক, এত দিনের শূন্য গ্যালারিতে হঠাৎ জনজোয়ার উঠল! উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও।আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শেখ জামাল পাতানো খেলেছে—এমন অভিযোগের তদন্ত চলছে। পরশু বাংলাদেশ লিগ কমিটির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে রহমতগঞ্জকে। এমন অবস্থায় শেখ জামালের সমর্থকগোষ্ঠীর অস্তিত্ব টের পাওয়া গেল। অনেকের মুখেই প্রশ্ন, এত দিন কোথায় ছিল শেখ জামালের এই সমর্থকেরা?তাদের অনেকেই জানে না, কার খেলা দেখতে এসেছে। ধানমন্ডি থেকে আসা সোহেল নামের এক তরুণ বললেন, ‘আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। কার খেলা, জানি না।’ আরেকজন মাথায় ‘শেখ জামাল’ লেখা হলুদ ফেট্টি খুলে সেটি দেখে বললেন, ‘শেখ জামালের খেলা দেখতে এসেছি।’ম্যাচ শুরুর আগে প্রেসবক্সের পাশেই গ্যালারিতে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সঙ্গে শেখ জামালের সভাপতি মনজুর কাদেরসহ আরও অনেকে। মায়া বললেন, ‘খেলা দেখতে এসেছি। আমি তো শেখ জামালের কর্মকর্তা।’ শেখ জামালের কোন পদে আছেন, জানতে চাইলে পাশ থেকে মনজুর কাদের উত্তর দিলেন, ‘তিনি আমাদের চেয়ারম্যান।’ কোন কমিটির চেয়ারম্যান? মনজুর কাদেরের উত্তর, ‘সব কমিটির।’এত দিন আসেননি কেন, মায়ার কাছে এ খবর জানতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী লিগের এই নেতা বললেন, ‘শেখ জামালের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ আমি এসেছি দলকে উৎসাহ দিতে।’ তাঁর কথা হারিয়ে যাচ্ছিল ‘শেখ জামাল’, ‘শেখ জামাল’ স্লোগানের মধ্যে।ওদিকে কাল ম্যাচ শুরুর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমর্থকগোষ্ঠী নামে সই-স্বাক্ষরবিহীন একটি চিঠি দেওয়া হয়েছে সাংবাদিকদের, যেটি লেখা হয়েছে বাফুফে সভাপতি বরাবর। চিঠির সারকথা, ‘পাতানো খেলা অবশ্যই নিন্দনীয়। অনুসন্ধান সাপেক্ষে এ বিষয়ে জড়িত ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরাও জোর সুপারিশ করছি। একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’শেষ পর্যন্ত কী হবে কে জানে! তবে শেখ জামালের এই ‘সমর্থক সমাগম’কে অনেকেই দেখছেন শক্তি প্রদর্শন হিসেবে।