হঠাৎ ঝড়ে শেষ দ. আফ্রিকা
দিনের খেলার তখনো ঘণ্টা দেড়েক বাকি। কিন্তু ওয়ান্ডারার্সে নেমে এসেছে অন্ধকার, জোহানেসবার্গের আকাশ ঢেকে গেছে কালো মেঘে। হয়তো ঝড়ের পূর্বাভাস। অন্ধকার দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমেও, হতভম্ব দেখাচ্ছে কোচিং স্টাফদের। একটু আগেই যে হঠাৎ ঝড়ে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস! ২৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয়ে গেছে ২৬৬ রানে।আলোকস্বল্পতায় কাল আর ব্যাটিং করতে পারেনি অস্ট্রেলিয়া। এতে হয়তো ভালোই হয়েছে দক্ষিণ আফ্রিকানদের জন্য, ধাক্কাটা সামলানোর জন্য একটু সময় তো পাওয়া গেছে। কেপটাউনের ভূত তাড়া করার কথা অস্ট্রেলিয়াকে। উল্টো তাড়া করল যেন স্বাগতিকদেরই। ২৬৬ রানটা এমন খারাপ কিছু নয়, কিন্তু ব্যাটিংটা যে হলো অদ্ভুতুড়ে। একের পর এক উইকেট পড়ছে, কিন্তু শট খেলা থামছে না।অদ্ভুতুড়ে ব্যাটিংয়ের কিছু নমুনা দেওয়া যেতে পারে। ২ উইকেট পড়ার পর নেমে খ্যাপাটে ব্যাটিং শুরু করলেন এমনিতে স্থিতধী ক্যালিস। প্রথম ৯ বলেই ১৯, সিডলের এক ওভারে তিন চার। লায়নকে স্বাগত জানালেন চার মেরে, ওই ওভারেই একটি ছয়। সিডলকে ছয় মেরে ফিফটি ছুঁলেন ৩৭ বলে। ওই ওভারেই এক চারে পেরিয়ে গেলেন ১২ হাজার রান, ফ্লিক করতে গিয়ে আউট পরের বলেই। এসব দেখে এমনিতে সাবলীল আমলা যেন রান করতেই ভুলে গেলেন, দ্বিতীয় বলে প্রথম রান করার পর আবার রান পেলেন ৩২ বল পর! আউট হয়েছেন আবার অফ স্টাম্পের হাত দুয়েক বাইরের বল তাড়া করে। যাঁর হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন, সেই পন্টিংয়ের দারুণ ক্যাচেই প্রথম উইকেট পেলেন কামিন্স।ব্যাটিংয়ের ধরনে অ্যাশওয়েল প্রিন্স ক্যালিসের ঘরানারই। কিন্তু কাল যে ঘরানা উল্টানোর দিন, প্রিন্সও শুরু করলেন ধুন্ধুমার। ২০ বল খেলার পর স্ট্রাইক রেট ১২০! পরে নিজেকে সামলেছেন, তবে আউট তুলে মারতে গিয়েই। পুল খেলার লোভের বলি হয়েছেন ডি ভিলিয়ার্স ও বাউচারও। চা-বিরতির পর ৪ ওভারে ৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যারিস ফিট থাকলে যাঁর খেলাই হতো না, ৩ উইকেট নিয়ে সেই পিটার সিডলই সফলতম বোলার অস্ট্রেলিয়ার। ওয়েবসাইট।