হঠাৎ দেশে ছুটলেন সেন্টফিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানসম্ভবা স্ত্রীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শোনামাত্রই কাল ভোরে ঢাকা থেকে বেলজিয়ামে ছুটে গেছেন টম সেন্টফিট। যদিও জাতীয় ফুটবল দলের কোচের প্রথমবার বাবা হওয়ার স্বাদ পাওয়ার নির্ধারিত তারিখ ১১ অক্টোবর। তার আগেই হয়তোবা ওই স্বাদ পেয়ে যেতে পারেন ৪৩ বছর বয়সী বেলজিয়ান কোচ।
সেন্টফিটের অবর্তমানে জাতীয় দলের অনুশীলনের দায়িত্বটা চালিয়ে নেবেন বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। কাল কমলাপুরে দল নিয়ে তাঁকেই ব্যস্ত দেখা গেছে। সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকান ট্রেনার ও নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ।
১ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল ২৯ আগস্ট মালদ্বীপ যাবে। সব ঠিকঠাক থাকলে ওই দিনই সেন্টফিটের ফেরার কথা।