হঠাৎ বিদায় রডিকের
৩০তম জন্মদিনে সংবাদ সম্মেলন। পরের দিনের ম্যাচ নিয়ে প্রশ্নের পাশাপাশি অবসর নিয়ে দু-একটা প্রশ্নও অবধারিত ছিল। কিন্তু সেই সুযোগটাই দিলেন না অ্যান্ডি রডিক। পরশু ফ্লাশিং মিডোর সংবাদ সম্মেলনে চমকে দিলেন টেনিস-বিশ্বকে, ‘সিদ্ধান্ত নিয়েছি, এই টুর্নামেন্টই হবে আমার শেষ।’ ইউএস ওপেনে পরশু ফেদেরার-সেরেনার জয় বা ভেনাস-সোঙ্গার অঘটন-হার, কিংবা ডাবলসেও কিম ক্লাইস্টার্সের বিদায়, সব ছাপিয়ে গেছে রডিকের হঠাৎ অবসর ঘোষণা।টেনিস-বিশ্বে আবির্ভাব তাঁর জিমি কনর্স, জন ম্যাকেনরো, আন্দ্রে আগাসি, পিট সাম্প্রাসদের উত্তরসূরি হিসেবে। ২০০৩ ইউএস ওপেন জয়ের পর ধারণা করা হচ্ছিল প্রত্যাশা পূরণের সামর্থ্য তাঁর ভালোই আছে। শেষ পর্যন্ত অবশ্য ম্যাকেনরো-সাম্প্রাসদের কাতারে ওঠা তো বহুদূর, যেতে পারেননি ধারেকাছেও। কিন্তু এক দশক টেনিস-বিশ্বে মার্কিন ঝান্ডা ছিল তাঁর হাতেই। গ্র্যান্ড স্লামজয়ী সর্বশেষ পুরুষ মার্কিন খেলোয়াড় রডিকই। এবারের ইউএস ওপেনের পর গ্র্যান্ড স্লামের স্বাদ পাওয়া কোনো বর্তমান মার্কিন খেলোয়াড় থাকবেন না!ঘোষণাটা এসেছে হুট করে, তবে রডিক সিদ্বান্ত নিয়েছেন অনেক ভেবে, ‘আমার উপলব্ধি, যাওয়ার সময় এখনই। আমার শরীরের যা অবস্থা আর আমি যেমন খেলছি, বুঝতে পারছি তা যথেষ্ট ভালো নয়। আরও এক বছর চালিয়ে যাওয়ার কথা আমি ভাবতে পারছি না। আমি সব সময়ই চেয়েছি শেষটা এখানে করতে। এখানে আমার পরিবার-পরিজন, অনেক বন্ধুবান্ধব আছে। বছরজুড়েই আমি ভেবেছি এবং জানতাম এই টুর্নামেন্ট শুরু হতে হতে আমি চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে পারব। প্রথম রাউন্ডের ম্যাচটা খেলার সময়ই জানতাম আমি অবসর নিতে যাচ্ছি।’ গত রাতেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বার্নার্ড টমিচের মুখোমুখি হয়েছিলেন রডিক। হেরে গিয়ে থাকলে শুরু হয়ে গেছে তাঁর অবসর জীবন!‘এত কাছে তবু কত দূরে’—রডিকের ক্যারিয়ারটা যেন এরই জ্বলন্ত উদাহরণ। ২০০৩ ইউএস ওপেন জয়ের পর কেউ ভাবতে পারেনি আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারবেন না রডিক। কিন্তু জন্ম নিয়েছিলেন বড় ভুল সময়ে! সময়টা ছিল সর্বকালের সেরাদের দুজন রজার ফেদেরার ও রাফায়েল নাদালের। বাকি সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেলেও বারবার থমকে গেছেন এই দুই চ্যাম্পিয়নের সামনে। এক ফেদেরার না থাকলেই তো অন্য রকম হতে পারত রডিকের ক্যারিয়ারের গল্প। তিন-তিনবার (২০০৪, ২০০৫, ২০০৯) উইম্বলডন ফাইনালে হেরেছেন শুধু ওই ফেদেরারের কাছেই! ২০০৯ সালের ফাইনালটা তো হলো ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। পঞ্চম সেটে ১৬-১৪-তে হারার পর এতটাই ভেঙে পড়েছিলেন রডিক যে আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি। এরপর ছিল শুধুই তাঁর অধঃপতন, একসময়ের ১ নম্বর এখন আছেন ২২-এ। অস্ট্রেলিয়ান ওপেনে চারবার বাদ পড়েছেন শেষ চার থেকে, দুবার সেই ফেদেরারের কাছে হেরে!বিদায় ঘোষণার পর সেই ফেদেরারের সশ্রদ্ধ অভিবাদনও পেলেন রডিক, ‘২০০৯ উইম্বলডনটা আমি না জিতে রডিকই জিততে পারত। ওর ওটা প্রাপ্য ছিল। আমার কাছে ও উইম্বলডন চ্যাম্পিয়নই। খেলাটার একজন দারুণ দূত ও, আর অসাধারণ এক মানুষ।’ অর্জন অবশ্য খুব কম নয় রডিকের। ৩২টি এটিপি শিরোপা জিতেছেন, আয় করেছেন দুই কোটি ডলারের বেশি। দেশকে ডেভিস কাপ জিতিয়েছেন, ডেভিস কাপে যুক্তরাষ্ট্রের হয়ে তাঁর চেয়ে (৩৩) বেশি ম্যাচ জিতেছেন শুধু ম্যাকেনরো (৪১)।৩১ পেরোনো ফেদেরার কিন্তু বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৩০ পেরোনো সেরেনাও। পরশু ফেদেরার-সেরেনা জিতলেও দুবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস হেরে গেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের কাছে। স্লোভাকিয়ার মার্টিন ক্লিজানের কাছে হেরেছেন জো-উইলফ্রায়েড সোঙ্গা। এএফপি, রয়টার্স।দ্বৈতে ক্লাইস্টার্স-ফ্লিপকেন্স জুটি হেরেছে চীনের ঝ্যাং শুয়াই ও তাইওয়ানের চুয়াং-চিয়া-জুং জুটির কাছে। এখন কেবল মিক্সড ডাবলসেই টিকে আছেন অবসর ঘোষণা দেওয়া ক্লাইস্টার্স।