হঠাৎ বিভ্রান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটা বিভ্রান্তিতে ভারতের ইনিংস শুরু হতে কিছুটা দেরি হয়েছে। বিভ্রান্তিটা ছিল ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কত রানে থেমেছে, তা নিয়ে। একটু ঘুরিয়ে বললে ভারতের লক্ষ্যমাত্রা কত, তা নিয়ে। শেষ পর্যন্ত সেই বিভ্রান্তি দূর হলে বল গড়ায় ভারতের ইনিংসে।

বিভ্রান্তিটা মূলত অফিশিয়াল স্কোরারের একটা ভুল নিয়ে। স্কোরার হয়তো ভুল করেই ওয়েস্ট ইন্ডিজকে একটি রান বেশি দিয়েছিলেন। ভারতের নিশ্চয়ই একটা হিসাব ছিল। সেই হিসাব অনুযায়ী তাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩০। কিন্তু মূল স্কোর বোর্ডে ওয়েস্ট ইন্ডিজের রানই যে দেখাচ্ছিল ১৩০। পরে বিরতির সময় এই বিভ্রান্তি দূর করতেই লেগে যায় কিছুটা সময়। এখন জিততে হলে ভারতকে করতে হবে ১৩০। তার মানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯। কথা হলো, পাড়ার ক্রিকেটেই সাধারণত স্কোরে এ ধরনের গড়বড় দেখা মেলে অহরহ। তাই বলে আন্তর্জাতিক ক্রিকেটে! তাও আবার বিশ্বকাপে! অবশ্য একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাই ভালো। কারণ ভুল তো মানুষই করে!