
অ্যালেক্স পিয়ার্সের ট্যাকলে মাটিতে পড়ে কাতরে উঠলেন। স্ট্রেচার নিয়ে মাঠে মেডিকেল টিম। দুহাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললেন । কাঁদতে কাঁদতেই বললেন, ‘ভেঙে গেছে...। ভেঙেই গেছে..।’ বিশ্বকাপস্বপ্ন শেষ রিকার্ডো মন্তোলিভোর৷
তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর ইতালি দলের চিকিৎসক এনরিকো ক্যাসতেলাচ্চি দিলেন দুঃসংবাদটা, ‘মন্তোলিভো যা ধারণা করেছিলেন, হলো সেটাই। বাঁ পা ভেঙে গেছে তাঁর। সেরে উঠতে হয়তো কয়েক মাস লাগবে।’ সুতরাং বিশ্বকাপ খেলা হচ্ছে না এসি মিলান অধিনায়কের৷
প্রস্তুতি ম্যাচে পরশু ক্রাভেন কটেজে আয়ারল্যান্ডের সঙ্গে হতাশাজনক ড্র, তার ওপর এই দুঃসংবাদ। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর দিন দশেক আগে বড় ধাক্কাই খেল ইতালি।
পিরলো, বুফন আর বালোতেল্লিরা একাদশে না থাকায় ম্যাচে অধিনায়কের দায়িত্বও ছিল মন্তোলিভোর কাঁধে। কিন্তু মাত্র ৯ মিনিটের সময় আইরিশ ডিফেন্ডার পিয়ার্সের সঙ্গে সংঘর্ষের পরই ইতালিয়ান এই মিডফিল্ডারকে নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসে কোচ সিজারে প্রানদেল্লিকে।
পরে দুঃসংবাদটা পেয়ে ভীষণ মর্মাহত তিনিও, ‘ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মাঠে ও মাঠের বাইরে চমৎকার ব্যক্তিত্ব ওর। ছেলেরা তাই খুবই বিপর্যস্ত।’
সতীর্থকে এভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে দেখে হতাশ ইতালি স্ট্রাইকার জিউসেপ্পে রসিও, ‘প্রথমে দেখে চোটটা এত গুরুতর মনে হয়নি। কিন্তু পরে দুঃসংবাদটা পেয়ে খুব খারাপ লাগছে।’
মন্তোলিভোর বদলি হিসেবে নেমে মাথায় চোট পেয়েছিলেন ফিওরেন্টিনা মিডফিল্ডার আলবার্তো অ্যাকুইলানিও। বিরতির আগেই তাঁকে তুলে িনতে বাধ্য হন প্রানদেল্লি। পরীক্ষা-নিরীক্ষায় অবশ্য জানা গেছে অ্যাকুইলানির চোটটা এত গুরুতর নয়।
ইতালির মতো পর্তুগালও প্রস্তুতি ম্যাচে গ্রিসের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদো, পেপে আর রাউল মেইরেলেসকে বিশ্রামে রেখে। নিয়মিত একাদশের তিন খেলোয়াড়কে ছাড়া ম্যাচটা গোলশূন্য ড্র করেছে পর্তুগাল।
অন্য প্রস্তুতি ম্যাচে রবিন ফন পার্সির একমাত্র গোলে হল্যান্ড হারিয়েছে ঘানাকে, রাশিয়া ১-১ গোলে ড্র করেছে নরওয়ের
সঙ্গে, ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মেক্সিকো। ওয়েবসাইট।