হঠাৎ মেসিদের ডোপ পরীক্ষা

আর্জেন্টিনা ও ড্রাগ—শব্দ দুটি পাশাপািশ বসলেই অবধারিতভাবে চলে আসবে একটি নাম৷ ডিয়েগো ম্যারাডোনা! ১৯৯৪ বিশ্বকাপে গ্রিস ও নাইজেরিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল আর্জেন্টিনা৷ গ্রিসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন নিজে, নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোল বানিয়ে দিয়েছিলেন ক্যানিজিয়াকে৷ গ্রুপের শেষ ম্যাচে যখন বুলগেরিয়ার িবপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনই এল বিস্ফোরক এক খবর৷ ডোপ টেস্টে নিষিদ্ধ এফিড্রিন নিয়ে ধরা পড়ে বিশ্বকাপ থেকে বহিষ্কৃত ম্যারাডোনা! ডালাসের কটন বোলে যখন বুলগেরিয়ার কাছে নাস্তানাবুদ হচ্ছে আর্জেন্টিনা, ম্যারাডোনা তখন দেশের পথে৷ আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডি হয়ে আছে ম্যারাডোনার সেই ডোপ-আখ্যান৷
এবার আরেকটি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগেই ডোপ টেস্টে নাম এল আর্জেন্টিনার! তবে ভক্ত-সমর্থকদের শঙ্কার কিছু নেই৷ এটি স্রেফ নিয়মিত ডোপ পরীক্ষারই অংশ৷ তবে নিয়মিত ডোপ টেস্ট হলো অনেকটা নাটকীয়ভাবে৷ পরশু বুয়েনস এইরেসের উপকণ্ঠ এজেইজাতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্প৷ আর্জেন্টিনার টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, আচমকাই অনুশীলনে হাজির ফিফার ছয় চিকিৎসক৷ অনেকটা অপ্রত্যাশিতভাবেই অনুশীলনের প্রথম দিন ডোপ পরীক্ষার মুখোমুখি হতে হলো মেসি-হিগুয়েইনদের৷
ডোপ টেস্টে মনোযোগ বিঘ্নিত হওয়া ছাড়াও ক্যাম্পের প্রথম দিনটা ভালো কাটেনি আর্জেন্টাইনদের৷ তীব্র ঠান্ডা ও কুয়াশার জন্য অনুশীলন করতে হয়েছে ইনডোরে৷ চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা দুই মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো ও এভার বানেগা হালকা অনুশীলন করেছেন দল থেকে আলাদা হয়ে৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর ছুটিতে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়া অনুশীলনে যোগ দেবেন এ সপ্তাহের শেষ নাগাদ৷
১৯৯০ বিশ্বকাপের ফাইনালে হারের পর আর কোনো বিশ্বকাপের শেষ চারে উঠতে পারেনি আর্জেন্টিনা৷ সর্বশেষ দুবারই শেষ আটে হেরেছে জার্মানির কাছে৷ তবে প্রতিবারের মতো এবারও আছে তারা হট ফেবারিটদের তালিকায়৷ অন্য ফেবারিট স্পেন, জার্মানি, ব্রাজিলের তুলনায় অনেকটা সহজ গ্রুপই পেয়েছে আর্জেন্টিনা৷ গ্রুপ এফ-এ মারাকানায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুন শুরু হবে মেসি-ডি মারিয়াদের বিশ্বকাপ অভিযান৷ ২১ জুন তঁাদের প্রতিপক্ষ ইরান, ২৫ জুন নাইজেরিয়া৷ এএফপি৷