হঠাৎ রঙিন জার্সি ছাড়লেন কেপি
কোনো পূর্বাভাসই পাওয়া যায়নি। ক্রিকেট-বিশ্বের জন্য তাই বড় এক বিস্ময় হয়েই এল খবরটা। আচমকাই আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কেভিন পিটারসেন। তবে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলে যাবেন। খেলে যাবেন আইপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টিও।অতিরিক্ত ক্রিকেটের চাপে ক্রিকেটের একটি-দুটি সংস্করণকে বিদায় জানানোর ধারা কিছুদিন ধরেই শুরু হয়েছে। পিটারসেনও বেছে নিলেন সেই পথ, ‘আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন সূচি ও শরীরের ওপর ক্রমাগত যে চাপ পড়ছে, আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর সঠিক সময় এটাই। ২০১৫ বিশ্বকাপের আগে তরুণেরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগও পাবে। ওয়ানডে ক্রিকেটে আমার অর্জনে আমি দারুণ গর্বিত। আশা করি, ইংল্যান্ডের টেস্ট দলে এখনো আমাকে বিবেচনা করা হবে।’দলের সেরা ব্যাটসম্যানের হঠাৎ বিদায় ইংল্যান্ডের জন্য বড় একটা ধাক্কা। মাত্র চার মাস পরই শ্রীলঙ্কায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে নামবে ইংল্যান্ড। ক্রিকেটে ইংল্যান্ডের একটি বিশ্ব শিরোপা-খরা দূর করায় বড় ভূমিকা ছিল পিটারসেনের। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা হয়েছিলেন। সম্প্রতি রঙিন পোশাকে দুর্দান্ত ফর্মেও ছিলেন। সর্বশেষ টি-টোয়েন্টিতেই (পাকিস্তানের বিপক্ষে) হয়েছিলেন ম্যাচসেরা। সত্যি আর কখনো ওয়ানডে না খেললে অনন্য হয়ে থাকবেন পিটারসেন। সর্বশেষ দুই ওয়ানডেতেই (পাকিস্তানের বিপক্ষে) করেছেন দুটি সেঞ্চুরি! এই ওয়ানডে দিয়েই বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে আগমন তাঁর ২০০৪ সালে। প্রথম ১০ ওয়ানডেতেই ছিল ৩টি করে সেঞ্চুরি ও ফিফটির বিস্ফোরক ইনিংস। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১২ ওয়ানডেতে।গত ফেব্রুয়ারিতেই বলেছিলেন, ২০১৫ বিশ্বকাপ খেলে তবেই ওয়ানডে ছাড়ার কথা ভাববেন। সিদ্ধান্তের বদল তাই চমকে দিয়েছে সবাইকে। তবে টি-টোয়েন্টি ছাড়ার ইচ্ছা তাঁর ছিল না। ছাড়তে হয়েছে ইসিবির কেন্দ্রীয় চুক্তির অদ্ভুত শর্তের কারণে, ‘কোনো ক্রিকেটার যদি সীমিত ওভারের ক্রিকেটের কোনো একটি সংস্করণ ছেড়ে দেয়, তাহলে অন্য সংস্করণের জন্যও আর বিবেচিত হবেন না।’ এ জন্য কিছুটা আক্ষেপই থাকছে পিটারসেনের, ‘দল নির্বাচনের এই নীতি যদি না থাকত, আগামী বিশ্ব টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে অবশ্যই খেলতাম।’পিটারসেনের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস, ‘পিটারসেনের অবসর নেওয়ার এ সময়টার জন্য ইসিবি প্রচণ্ড হতাশ, ওয়ার্ল্ভ্র টি-টোয়েন্টির আর মাত্র চার মাস বাকি। তবে পিটারসেন বিশ্বমানের একজন ক্রিকেটার, ইংল্যান্ডের হয়ে অবদান রাখায় ওকে ধন্যবাদ জানাই। আর টেস্ট দলে আরও অনেক দিন ওকে পেতে চাই।’ইসিবির চেয়ে বিশ্ব ক্রিকেটের হতাশাও কম নয়। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পিটারসেনের রোমাঞ্চকর ব্যাটিং আর দেখা যাবে না, ক্রিকেটপ্রেমীরা এটা মেনে নেয় কী করে! ওয়েবসাইট।