হঠাৎ লন্ডভন্ড জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মিনিটের এক ঝড়। তাতেই লন্ডভন্ড হয়ে গেল জুভেন্টাস। জয়টাকেই যখন মনে হচ্ছিল সম্ভাব্য ফল, সেখানে হেরেই বসল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তাও আবার ২ গোলে এগিয়ে থাকার পর! নিজেদের মাঠে ফিওরেন্টিনা পেল ৪-২ গোলের দুর্দান্ত এক জয়। আর সবগুলো গোলই তারা পেয়েছে ৬৬ থেকে ৮০ মিনিটের মধ্যে!
অথচ ফ্লোরেন্স শহরটা জুভেন্টাসের জন্য বেশ পয়মন্তই ছিল। গত ১৫ বছরে ফিওরেন্টিনার মাঠে অপরাজিত ছিল তারা। ফিওরেন্টিনার সর্বশেষ সুখস্মৃতিটা ১৯৯৮ সালে। সেবার আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা জয় এনে দিয়েছিলেন ক্লাবকে। এরপর জুভেন্টাস সাতটি ড্রয়ের পাশাপাশি জিতেছে চারটি ম্যাচে। কাল বিরতির আগ পর্যন্ত সেই সংখ্যাটা পাঁচ হয়ে যাবেই বলে মনে হচ্ছিল। ৩৬ মিনিটে কার্লোস তেভেজকে ফেলে দেওয়া হয়ে বক্সের মধ্যে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তেভেজই। তিন মিনিট পরই প্রতিপক্ষ রক্ষণের ভুলে ব্যবধানটা বাড়িয়ে নেন পল পোগবা। ইতিহাসের পুনরাবৃত্তিই সবাই দেখতে পাচ্ছিল তখন।
ঝড়টা শুরু হয় ৬৬ মিনিটে জিউসেপ্পে রসির পেনাল্টি থেকে। এরপর ৭৬ থেকে ৮০ মিনিটের মধ্যে ৩ গোল করে ফিওরেন্টিনা। রসি পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ৮ গোল করে এই ইতালিয়ান স্ট্রাইকার এখন সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা। জোয়াকিন করেছেন অন্য গোলটি। ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস লিগে তৃতীয়। শীর্ষে রোমা (২৪) ও দুইয়ে নাপোলি (১৯)।