হঠাৎই চলে গেলেন নাজমুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল করিম টিংকু
নাজমুল করিম টিংকু

মাত্র ৫৭ বছর বয়সেই চলে গেলেন নাজমুল করিম টিংকু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম কাল বিকেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানান, গত শনিবার খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজমুল করিম। হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়ার পর সেখান থেকে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে একপর্যায়ে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ারও সিদ্ধান্ত হয়। কিন্তু সে সুযোগ আর পাওয়া যায়নি। কাল বিকেলে অ্যাপোলো হাসপাতালেই শেষনিশ্বাস ত্যাগ করেন নাজমুল করিম।
আজ সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে হবে আরেকটি জানাজা। এরপর কালীগঞ্জের নিজ গ্রামে মরদেহ দাফন করা হবে।
নাজমুল করিম টিংকু কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কলাবাগান ক্রীড়াচক্রেরও সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি, আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, বিএসজেএ, বিএসপিএ, বিএসজেসিসহ আরও অনেক সংগঠন।