হঠাৎই চলে গেলেন বাদল দাস
তাঁর সতীর্থ অনেকেই জাতীয় পর্যায়ের ফুটবলের সঙ্গে যুক্ত কোচ অথবা সংগঠক হিসেবে। তবে তিনি ছিলেন অনেকটাই আড়ালে। কোনো একদিন আড়াল থেকে বেরিয়েও আসতে পারতেন। কিন্তু সেটি আর হলো না। আড়ালে থাকা বাদল দাস চিরতরেই চলে গেলেন সবার চোখের বাইরে। হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ভোরে মারা গেছেন আশির দশকে ক্যারিয়ার শুরু করা এই স্ট্রাইকার। বয়স হয়েছিল মাত্রই ৪৮। খেলেছেন ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ বয়েজ, ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। ১৯৮৭ কলকাতা সাফ গেমসে বাংলাদেশ দলে নজর কেড়েছিলেন আলাদাভাবে। বাদল দাসের মৃত্যুতে শোকাহত একসময়ের ব্রাদার্স-সতীর্থ শফিকুল ইসলাম মানিক। বর্তমানে মুক্তিযোদ্ধার এই কোচ স্মৃতিচারণা করে বললেন, ‘গোপীবাগের ছেলে হিসেবেই ওর ফুটবলে আসা। আমার কয়েক বছরের জুনিয়র ছিল, ঢাকার মাঠ মাতাতে ও একেবারেই সময় নেয়নি। খেলোয়াড় হিসেবে ছিল খুবই সুশৃঙ্খল।’ বাদল দাসের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ব্রাদার্স ইউনিয়নসহ আরও কয়েকটি সংগঠন। অকালপ্রয়াত এই সাবেক ফুটবলারের শেষকৃত্যানুষ্ঠান হবে আজ বিকেলে চাঁদপুরে।