হঠাৎই চলে গেলেন মনজুর
কানাডায় ফিরে যেতে চাইছিলেন বারবার। গত বোর্ড সভায়ও বলেছিলেন জানুয়ারির পর যেন ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্ত্রীর সঙ্গে দুই ছেলে কানাডায় থাকেন। ছেলেদের টানেই চলে যেতে চাইছিলেন মনজুর আহমেদ।শেষ পর্যন্ত চলেই গেলেন তিনি! তবে কানাডায় নয়, এই যাওয়া শেষ যাওয়া। কাল সকালে ওল্ড ডিওএইচএসে বোনের বাসায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। রেখে গেছেন স্ত্রী ও দুই ছেলে। মনজুর ছাড়া পরিবারের সবাই কানাডাপ্রবাসী। তবে শেষ সময়ে বড় ছেলে ঢাকাতেই ছিলেন।মনজুরের আকস্মিক মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কেউই মানতে পারছেন না এমন বিদায়। কাল সকালে এশিয়া কাপ নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভোরে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েন। সেই ঘুম থেকে আর ওঠেননি মনজুর।নিকটাত্মীয়দের অনেক আগেই বলে রেখেছিলেন, মৃত্যুর পর তাঁর দাফন যেন বিলম্বিত না হয়। এই ইচ্ছার প্রতি সম্মান রেখেই স্ত্রী ও ছোট ছেলের অনুপস্থিতিতে কাল সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয় মনজুরকে। এর আগে গুলশানের আজাদ মসজিদ ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে দুটি জানাজা।মনজুর আহমেদ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন ২০১০ সালের আগস্টে। তার আগে পাঁচ বছর পালন করেছেন ব্রুনাই দারুস সালাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহীর দায়িত্ব। একই কর্মস্থলে ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত ছিলেন নির্বাহী সদস্য, পরের দুই বছর দায়িত্ব পালন করেন ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপকের।সাবেক ক্রিকেটার মনজুর আশির দশকের শুরুর দিকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। এ ছাড়া ইগলেটস, মোহামেডান, আবাহনী ও গুলশান ইয়ুথের হয়ে ঢাকার ক্লাব ক্রিকেটেও খেলেছেন দুই দশক। জাতীয় দলের সাবেক উইকেটকিপার ও বর্তমানে কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ তাঁর ছোট ভাই। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র মনজুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি করেছেন। সত্তর-আশির দশকে গ্রুপ থিয়েটার আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন তিনি।বর্ণাঢ্য কর্মময় জীবনের শেষ সময়টা মনজুর কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তবে বিসিবিকে পেশাদার করার যে স্বপ্ন নিয়ে দেশের ক্রিকেটে যুক্ত হয়েছিলেন, সেটি পূরণ করে যেতে পারলেন না। যেসব কাজ করতে চেয়েছিলেন, নানা বাধায় সেসব করতে না পারায় কয়েক মাস ধরে একটু হতাশার মধ্যেই সময় কাটিয়েছেন। বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চাওয়ার এটাও একটা কারণ ছিল।মৃত্যু মানুষকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যায়। মনজুর আহমেদও চলে গেছেন সে রকমই এক জগতে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য রেখে গেলেন শুধু একরাশ শূন্যতা।বিভিন্ন মহলের শোক: ‘বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে গেল। মনজুর আহমেদ ছিলেন একজন নিপাট ভদ্রলোক। কর্মঠ ও সৎ পেশাজীবী।’ প্রধান নির্বাহীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মনজুর আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ক্রীড়া প্রতিমন্ত্রী, কোয়াব, মোহামেডান, সিসিডিএম, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বিওএ, বাফুফে, ক্রীড়া লেখক সমিতি, হ্যান্ডবল ফেডারেশন, ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এবং হকি ফেডারেশনসহ অনেক সংস্থা ও ব্যক্তি।