হঠাৎই নাদালের ডোপ পরীক্ষা
ডোপ পরীক্ষা দিতে হলো রাফায়েল নাদালকে। শনিবার সকালে হঠাৎ করেই স্পেনের এই টেনিস তারকার ডোপ পরীক্ষা নেওয়া হয়। গত সপ্তাহজুড়ে ফ্রান্সের টিভি চ্যানেলে স্পেনের অ্যাথলেটদের সঙ্গে ড্রাগের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নাদালকে নিয়ে বানানো হয়েছে কার্টুন। যেখানে দেখানো হয়েছে শক্তিবর্ধক ওষুধ নিয়েই সাফল্য পাচ্ছেন নাদাল। এরপরই হলো এই পরীক্ষা।পরীক্ষার ফল জানা যায়নি। নাদাল নিজেই দিয়েছেন তাঁর পরীক্ষার খবর। পরশু বিশ্বের দুই নম্বর টেনিস তারকা টুইট করেছেন, ‘সকাল সাড়ে আটটা!!! মাত্রই একটি ডোপ টেস্ট দিতে হলো। সবকিছুর পর এটা প্রত্যাশিতই ছিল। এ রকম হওয়ায় আমি খুশিই!’ স্পেনের টেনিস ও সাইক্লিং ফেডারেশন কার্টুন প্রচার করা ফরাসি টিভি চ্যানেল ক্যানাল প্লাসের বিপক্ষে মানহানির মামলা করার চিন্তাভাবনা করছে। স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়কে এই ব্যঙ্গাত্মক কার্টুনের ব্যাপারে অভিযোগ করেছে। গত সপ্তাহে সাবেক ট্যুর ডি ফ্রান্স চ্যাম্পিয়ন স্পেনের আলবার্তো কন্তাদোর ডোপিংয়ের জন্য নিষিদ্ধ হওয়ার পরই ফ্রান্সে স্পেন-বিরোধী কার্টুন প্রচার শুরু হয়। ওয়েবসাইট।