হঠাৎই নেই চান্ডিমাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ক্রিকেটের টুইট থেকেই প্রথম জানা গেল খবরটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চান্ডিমাল। আগের ম্যাচের মতো কালও তাই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিলেন লাসিথ মালিঙ্গা। মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিও খেলেননি। কালকের ম্যাচে না খেলার কারণটা এসএলসি ওভাবে জানালেও চান্ডিমাল নিজেই খেলতে চাননি, নাকি খারাপ ফর্মের কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে, তা নিয়ে বিতর্ক আছে। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই খারাপ যাচ্ছে চান্ডিমালের ফর্ম। গত বছর মার্চে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম দায়িত্ব পান শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের। প্রথম ম্যাচে ১২ বলে করেছিলেন ৯ রান। পরের ১১ ম্যাচে সর্বোচ্চ রান গত বছর ডিসেম্বরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২২। এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ১৫ বলে ১৮ ও ৮ বলে ৩। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বলে ১২ রান করলেও পরের দুই ম্যাচে ব্যাটই করতে হয়নি চান্ডিমালকে।