হঠাৎই পদত্যাগ জার্গেনসেনের

গুঞ্জন-ফিসফাস ছিল এক রকম, ঘটনা ঘটল অন্য রকম। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর বিসিবির অনেক পরিচালকই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ শেন জার্গেনসেনের প্রতি। অনেকের এমন মনোভাবও ছিল স্পষ্ট—জার্গেনসেনকে দিয়ে আর হবে না। তাঁকে বাদ দিয়ে নতুন কোচ নিতে হবে। কিন্তু জার্গেনসেন সেই সুযোগ দিলে তো!
সবাইকে চমকে দিয়ে কাল সকালে অস্ট্রেলিয়ান এই কোচ নিজেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কাছে। অনুলিপি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকেও। বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন জার্গেনসেন। গত পরশু রাতে তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও এখন ফিরবেন আগামীকাল। পদত্যাগপত্রে অবশ্য জার্গেনসেন বলেছেন, বিসিবি চাইলে জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকতে রাজি আছেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে করা বিসিবির কর্মকর্তাদের সমালোচনাকেই সামনে এনেছেন কোচ। পদত্যাগপত্রে লিখেছেন, ‘এক সপ্তাহজুড়ে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত মন্তব্যে যে আমার প্রতি ন্যূনতম সম্মানটুকুও দেখানো হয়নি, তাতে আমি খুবই মর্মাহত।’
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের দাবি, জার্গেনসেনকে আর রাখা হবে না—এ রকম কোনো আলোচনা কখনোই বোর্ডে হয়নি। টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে কাল অনুষ্ঠিত বিসিবির জরুরি সভা শেষে আকরাম বলেছেন, ‘সংবাদমাধ্যমে বিভিন্ন মন্তব্য দেখে তাঁর (জার্গেনসেন) হয়তো মনে হয়েছে যে বাংলাদেশ দলে তাঁকে আর রাখা হবে না। বোর্ডের কিছু পরিচালক নাকি তাঁকে আর চান না। তবে ক্রিকেট বোর্ডে ওই ধরনের কোনো কথাই হয়নি।’ মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসেরও একই দাবি, ‘পারফরম্যান্সের ব্যাপারে অনেক কথা হয়েছে। কিন্তু এর কোনোটাই বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য ছিল না। এসবের ভিত্তিতে কারও পদত্যাগের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পারফরম্যান্স খারাপ হলে নানা রকম কথা হবে, এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে আমরা হেড কোচকে সরিয়ে দিচ্ছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল হেড কোচ হিসেবে জার্গেনসেনই থাকবেন। সঙ্গে আমরা ভালো একজন ব্যাটিং কোচ খুঁজব।’ এ রকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে জার্গেনসেনের বিসিবির সঙ্গে আলাপ করা উচিত ছিল বলে মনে করেন তিনি। আকরাম-জালাল দুজনই জার্গেনসেনের সিদ্ধান্তকে বলেছেন, ‘আবেগপ্রবণ সিদ্ধান্ত’।
জার্গেনসেনের ভবিষ্যৎ নিয়ে বিসিবিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা না হওয়ার দাবিটা হয়তো ঠিকই আছে। তবে অনেক পরিচালকই ডানে-বাঁয়ে তাঁকে নিয়ে কম মন্তব্য করেননি। সংবাদমাধ্যমের সূত্রে সেসবই পৌঁছে গিয়ে থাকবে বাংলাদেশ কোচের কানে এবং তার পরিণতিতেই এ সিদ্ধান্ত। তবে এ ধরনের আলোচনা শুনেই যে কেউ পদত্যাগ করে ফেলতে পারেন, সেটা আকরামেরও বিশ্বাস হচ্ছে না। একই সঙ্গে তিনি সমালোচনা করেছেন জার্গেনসেনকে নিয়ে বোর্ড কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্যেরও, ‘এ ধরনের কথা কারও বলা উচিত নয়। যেখানে একমাত্র বোর্ড সভাপতিই এসব নিয়ে আলাপ-আলোচনা করেন, যেখানে আনুষ্ঠানিকভাবে কোনো আলাপ-আলোচনাই হয়নি, সেখানে ব্যক্তিগতভাবে কারও এ ধরনের কথা বলা ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না। আগেও এ রকম কিছু ঘটনা ঘটেছে, যেগুলো খেলোয়াড়, কোচ, টিম স্টাফের ওপর প্রভাব ফেলেছে।’
জার্গেনসেন পদত্যাগপত্র পাঠালেও বোর্ড কর্মকর্তাদের ভাষায় সেটি এখনো ‘গৃহীত’ হয়নি। হঠাৎ করে অসুস্থ হয়ে কাল সকালে সিঙ্গাপুরে চলে যাওয়ায় জরুরি সভায় উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভার মিনিট পাঁচেক আগে আকরাম খান জার্গেনসেনের পদত্যাগপত্রটি হাতে পেলেও সেটা নিয়ে তাই সভায় বিস্তারিত আলোচনা হয়নি। দেশে ফেরার পর বিষয়টা নিয়ে কোচের সঙ্গে কথা বলবেন সভাপতি। জার্গেনসেনের আগে বিসিবির চাকরি ছেড়েছেন জাতীয় দলের ট্রেনার ডেভিড ডয়ারও। তবে তিনি চাকরি ছেড়েছেন অস্ট্রেলিয়ায় আরও ভালো চাকরির সন্ধান পাওয়ায়।
২০১১ সালের অক্টোবরে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় নিউজিল্যান্ডের সাবেক বোলিং কোচ শেন জার্গেনসেনকে। ২০১২ সালের অক্টোবরে রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান তিনি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে পাওয়া সাফল্যের সুবাদে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তাঁর হাতেই দেওয়া হয় প্রধান কোচের দায়িত্ব। কিছুদিনের মধ্যেই ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় সে দায়িত্বের মেয়াদ। কিন্তু সর্বশেষ দুই কোচ স্টুয়ার্ট ল আর রিচার্ড পাইবাসের মতো জার্গেনসেনও চলে যাওয়ার ঘোষণা দিলেন মেয়াদ শেষ হওয়ার আগেই।