হঠাৎই বাতিল লন্ডন সফর
আবাসিক ক্যাম্পের জন্য আজই রিপোর্ট করার কথা ছিল ফুটবলারদের। লন্ডনে যাওয়ার ভিসা পেতে দূতাবাসে দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছিলেন বাফুফের কর্মকর্তারা। ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন কোচ লোডভিক ডি ক্রুইফ ও তিন প্রবাসী ফুটবলার। কিন্তু সব আশা ভেস্তে দিয়েছে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)। ম্যাচ আয়োজনকারী ভারতীয় এই প্রতিষ্ঠান শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। বলেছে, অনিবার্য কারণে ম্যাচ আয়োজন করা যাচ্ছে না আপাতত। তাই ভারত ও পাকিস্তানের সঙ্গে লন্ডনে অনুষ্ঠেয় আগামী ১ ও ৮ জুনের প্রীতি ম্যাচ হচ্ছে না। ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে ফিফা স্বীকৃত ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। তিন জাতি সিরিজ উপলক্ষে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল।প্রীতি ম্যাচ হচ্ছে না, তাই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ফুটবলারদের ক্যাম্পও স্থগিত করে দিয়েছে। কোচও আপাতত ঢাকায় আসছেন না। তবে ২০ মে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সভায় বসে জাতীয় দল নিয়ে কী করা হবে ঠিক করবে। এই লন্ডন সফরের জন্যই বাতিল করা হয়েছিল সুপার কাপ। কিন্তু টুর্নামেন্টটা ওই ফাঁকা সময়ে হবে কি না, সেই সিদ্ধান্তও হবে এই সভায়। পরশু গভীর রাতে ই-মেইলে বাফুফেকে খবরটি দেয় সিএমজি। কেন, কী কারণে এভাবে খেলা স্থগিত করা হলো, সে ব্যাপারে বিস্তারিত জানায়নি ভারতীয় প্রতিষ্ঠানটি। খবরটা শুনে বিস্মিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশদ বলতে চাইলেন না, ‘আমি দেশের বাইরে ছিলাম। আজ এসেই খবরটা শুনেছি। এখনই কিছু বলতে চাই না।’বাফুফে জানিয়েছে, গতকাল গভীর রাতে সিএমজির কাছ থেকে বাফুফেতে একটি ই-মেইল এসেছে। তারা লিখেছে, অনিবার্য কারণে ম্যাচগুলো স্থগিত করা হলো। পরে যেকোনো সময়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে আলাপ-আলোচনা করে সিরিজের তারিখ জানানো হবে। আসলে কী কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে, সেটা জানতে অনেক চেষ্টা করেছে বাফুফে। কিন্তু জানতে পারেনি। ধারণা করা হচ্ছে, স্পনসর জোগাড় করতে ব্যর্থ হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত করা হয়েছে।লন্ডনে ম্যাচ দুটি স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হলো ফুটবলারদের। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি হতাশ, ‘খবরটা শুনে কষ্ট পেয়েছি। কারণ সাফের আগে এই প্রীতি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেক দিন হলো ভারতের সঙ্গে কোনো ম্যাচ খেলিনি আমরা। তবে পাকিস্তানের সঙ্গে খেলেছি। সাফে এই দল দুটি খুব শক্তিশালী।’ ইউরোপের মাঠে খেলার সুযোগটাও আপাতত হাতছাড়া হলো, এটা ভেবেও মন খারাপ তাঁর, ‘লন্ডনে আমাদের জাতীয় দল কখনো খেলেনি। ফুলহামের মাঠে খেলাটা আমাদের জন্য স্বপ্নের মতো। সব ফুটবলার আশায় বুক বেঁধে ছিলাম।’জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক মামুনুল ইসলামের কথা, ‘আমাদের লিগ শেষ হয়েছে মাত্রই। আমরা সবাই একটা ছন্দে ছিলাম। ভারত-পাকিস্তানের সঙ্গে লন্ডনে খেললে সেটা আমাদের জন্য খুবই ভালো হতো। ভালো ফল করলে আত্মবিশ্বাসও বাড়ত। এমনো হতে পারত আমাদের খেলা দেখে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের কোনো দল ডাকত। সেই সুযোগটা পেলাম না।’ তবে আবাসিক ক্যাম্প চালিয়ে যাওয়ারই পক্ষে তিনি, ‘ক্যাম্পটা চললে আমরা ট্রেনিংয়ের মধ্যেই থাকব। আমাদের সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে।’