হঠাৎই বিদায় বললেন লাম

কতই বা বয়স, মাত্র ৩০। এর চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জয়ের উদাহরণ আছে ঢের। তার চেয়েও বড়, জয়ের মালা পরেই বিদায়ের বিউগল বাজানো সহজ নয়। ইস্পাতকঠিন স্নায়ু লাগে এ জন্য, চাই ভাবাবেগ দমন করার ক্ষমতা। ফিলিপ লামের চেয়ে সেটা আর বেশি কার আছে!
আরও বছর কয়েক সহজেই খেলতে পারতেন জার্মান দলে। ফর্মও যেন বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল। জার্মানির বিশ্বকাপ জয়ে সত্যিকারের অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পুরো টুর্নামেন্টে খেলেছেন দুর্দান্ত। কিন্তু সবাইকে অবাক করে কাল জানিয়ে দিলেন—জার্মানির জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে!
জার্মান ফুটবল ফেডারেশনের কাছে কাল একটা খোলা চিঠি লিখেছেন লাম। বিশ্বকাপ জয়ের আগেই সিদ্ধান্তটা নিয়েছেন বলে তাতে জানিয়েছেন, ‘গত মৌসুমেই আমি বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কোচ জোয়াকিম লোর সঙ্গে বিশ্বকাপ জয়ের পরদিন সকালের নাশতার টেবিলে সিদ্ধান্তটা নিয়ে আলাপ করেছিলাম। আমি খুবই আনন্দিত যে বিশ্বকাপ জয়ের সঙ্গে আমার জাতীয় দলের ক্যারিয়ারেরও শেষ হলো। তিন দিন ধরে আমি ছুটিতে আছি, পুরোপুরি মনস্থির করতে যে সময় ও পারিপার্শ্বিকতা দরকার ছিল সেটা আমি পেয়েছি’—বলেছেন লাম।
জার্মানি ফুটবল ফেডারেশনের সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখের কাছে সিদ্ধান্তটা বিশাল এক ধাক্কা হয়েই এসেছে, ‘ফিলিপ এই সকালে আমাকে ফোন করে এটা বলেছে।’ জার্মান অধিনায়কের সিদ্ধান্ত বদলানোর চেষ্টাও করেছিলেন তিনি, ‘কথা বলার খানিকক্ষণের মধ্যেই আমি বুঝতে পারলাম ওর মন বদলানোর চেষ্টা করা বৃথা। জাতীয় দলের হয়ে ১০ বছর সে অসাধারণ খেলেছে। সে ছিল যথার্থ অর্থেই একজন আদর্শ।’ এমনকি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পর্যন্ত লামের বিদায়ে আপ্লুত, ‘জাতীয় দলের জন্য ও যা করেছে, সে জন্য ওর প্রতি আমার শ্রদ্ধা রইল।’
পেপ গার্দিওলা একবার বলেছিলেন, ‘আমার অধীনে খেলা সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় ফিলিপ লাম।’ মেসি, ইনিয়স্তা, জাভি, রোবেন, রিবেরিসহ অনেক বিশ্বমানের খেলোয়াড়কেই খুব কাছ থেকে দেখেছেন বায়ার্ন কোচ। এত দিন ফর্ম ধরে রেখে লাম যেভাবে খেলে যাচ্ছেন, গার্দিওলার প্রশংসার মধ্যেই সেটির রহস্য লুকিয়ে। ২০ বছর বয়সে ক্রোয়েশিয়ার সঙ্গে অভিষেক ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা।
জাতীয় দলের হয়ে এই ১০ বছরে ১১৩ ম্যাচ খেলেছেন। জার্মানির জার্সি গায়ে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু লোথার ম্যাথাউস (১৫০), মিরোস্লাভ ক্লোসা (১৩৭) ও লুকাস পোডলস্কি (১১৬)। গোল মাত্র ৫টি করেছেন, কিন্তু সেগুলোও মনে রাখার মতোই। ২০০৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই কোস্টারিকার বিপক্ষে করা দুর্দান্ত ওই গোল অনেকেরই চোখে লেগে থাকার কথা। ২০০৮ ইউরো তুরস্কের সঙ্গে জয়সূচক গোলটা আসে লামের পা থেকেই। রক্ষণের ডানে বা বাঁয়ে, দুই জায়গাতেই সমান স্বচ্ছন্দ। বায়ার্ন ও জার্মানির হয়ে এমনকি মাঝমাঠেও খেলেছেন। সদ্য ব্রাজিল বিশ্বকাপেও লো তাঁকে প্রথম দুটি ম্যাচ মাঝমাঠেই খেলিয়েছেন। পরে নিয়ে আসেন লামের আসল জায়গা রাইটব্যাকে।
বায়ার্নের হয়ে হয়তো আরও অনেক দিন খেলে যাবেন।কিন্তু জার্মানির জার্সি গায়ে ‘ম্যাজিক ডুয়ার্ফকে’ কখনো দেখা যাবে না, মেনে নেওয়া ফুটবল অনুরাগীদের জন্য কষ্টকরই।তবে জার্মান বীর সত্যিই বীরের মতোই বিদায় নিলেন! রয়টার্স।
জাতীয় দলে ম্যাচ: ১১৩
গোল: ৫
দলীয় অর্জন: ফিফা বিশ্বকাপ ২০১৪
ব্যক্তিগত অর্জন:
ফিফা বিশ্বকাপ অল স্টার একাদশ: ২০০৬, ২০১০
উয়েফা ইউরোর সেরা একাদশ: ২০০৮, ২০১২