হঠাৎই ম্যাচে ফিরল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোয়াইন ব্রাভোর সৎভাই। তবে চেহারা, শারীরিক আকৃতি, ব্যাটিং টেকনিক, ডিফেন্স কিংবা শট খেলার ধরন সবকিছুতেই ব্রায়ান লারার সঙ্গে এমন মিল যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে থেকেই ড্যারেন ব্রাভোকে বলা হচ্ছে ‘নতুন লারা।’ হেলমেট পরা ড্যারেনকে দেখলে লারা ভেবে ভুল করতে বাধ্য যে কেউ। দুজনের মধ্যে পারিবারিক সম্পর্কও আছে। সম্পর্কে ‘ছোট’ ব্রাভো লারার ভাগনে!ভাগনে মামার মতো হতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে টেস্ট ক্রিকেটের সূচনায় কিন্তু লারাকেও ছাড়িয়ে গেলেন ড্যারেন। আগের টেস্টের একমাত্র ৫৮ রানের পর কাল ৮০, প্রথম দুই টেস্ট ইনিংসে ফিফটি ছিল না লারারও। তবে পরিস্থিতি কাল ড্যারেনের কাছে চাইছিল আরও বেশি কিছু, সাঙ্গাকারার মতো বড় একটা ইনিংস। এখানেই ব্যর্থ ড্যারেন, হঠাৎ মাথা গরম করে দলকে ফেলে দিলেন বিপদে। তিন দিনে শেষ হয়েছে দেড় ইনিংস, তবে ন্যাশ ও ড্যারেনকে এক ওভারে ফিরিয়ে মরা ম্যাচে প্রাণ ফিরিয়েছেন তিলকরত্নে দিলশান। এক ওভার পরই আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেই শেষ হয়েছে দিনের খেলা। বাজে আউটটা হওয়ার আগে ড্যারেন খেলছিলেন দুর্দান্ত। লারাকে মনে করিয়ে দেওয়া কিছু ড্রাইভ খেলেছেন, উইকেট ছেড়ে বেরিয়ে এসে হেরাথকে তিনবার, মেন্ডিসকে একবার উড়িয়ে দিলেন মাঠের বাইরে। ব্রেন্ডন ন্যাশের এলবিডব্লুতে ৮৩ রানের জুটিটা ভাঙাতেই হয়তো মনোযোগে গন্ডগোল, এক বল পরই তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ। অনেকটা দৌড়ে এসে পুরো শরীর শূন্যে ভাসিয়ে হেরাথের নেওয়া ক্যাচটি ছিল অসাধারণ। ৩৩৩-এর পরের ইনিংসে গেইল করেছেন ৩০৩ রান কম। গেইলকে আউট করার পর শুয়ে পড়ে অভিষিক্ত সুরাঙ্গা লাকমলের উদ্যাপন মনে করিয়ে দিল আগের টেস্টে সেঞ্চুরির পর গেইলের উদ্যাপনকে।অষ্টম দ্বিশতকের লক্ষ্যে নামা সাঙ্গাকারা ফিরে গেছেন ক্যারিয়ারের ত্রয়োদশ দেড় শর পরপরই। লোয়ার-অর্ডারে কুলাসেকারা-হেরাথদের সৌজন্যে তবু চার শর কাছাকাছি যায় শ্রীলঙ্কার রান। অজন্তা মেন্ডিস কেমার রোচের পঞ্চম শিকার হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন সাঙ্গাকারা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পর রোচ আবার ৫ উইকেট পেলেন নবম টেস্টে এসে। তথ্যসূত্র: ওয়েবসাইট।