হঠাৎই সুজনের অবসর!
ফিলিস্তিনের বিপক্ষে অতিরিক্ত তালিকায় ছিলেন। খেলা হয়নি। নেপাল ম্যাচে শেষ দিকে কিছুক্ষণ মাঠে নামিয়েছেন কোচ। আজ মোহাম্মদ সুজন নিশ্চিত করেই অন্তত কিছু সময় খেলার সুযোগ পাবেন। আজকের ম্যাচটিকে যে হঠাৎই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বেছে নিয়েছেন!শুরুতেই ইঙ্গিত মিলছিল লোডভিক ডি ক্রুইফের পরিকল্পনায় নেই সুজন। এই অভিজ্ঞ ডিফেন্ডারই কাগজে-কলমে এফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সহ-অধিনায়ক মামুনুল ইসলামই গত দুটি ম্যাচে পরেছেন অধিনায়কের বাহুবন্ধনী। এটা সুজনের মতো খেলোয়াড়ের জন্য সুখকর নয়।এভাবেই গত দিল্লি সাফ ফুটবলে অধিনায়ক হয়েও বেঞ্চে ছিলেন গোলরক্ষক বিপ্লব। বাংলাদেশ দলের দীর্ঘদিনের দুই সারথির শেষটায় কী মিল! বিপ্লব অবশ্য দল থেকে ছিটকে গেছেন। আর সুজন নিজেই দাঁড়ি টেনে দিচ্ছেন। মুখে অবশ্য বলছেন, ‘অনেক তো খেললাম। এবার নতুনদের জায়গা দিতে চাই। এ কারণেই কাল (আজ) অবসর নেব।’ কিন্তু ভেতরে ভেতরে কি ক্ষোভ-হতাশা বা অভিমান নেই? ‘না, না, কোনো ক্ষোভ-অভিমান নেই আমার। কোচ প্রথম ম্যাচের আগে আমাকে ডেকে নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন। একাদশে রাখতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি যেভাবে চান, সেভাবেই দল করবেন। দলের ভালো আমিও চাই। তাই আমি সব মেনে নিয়েছি’—কাল বিকেলে হোটেল রুমে একটু আবেগাপ্লুত দেখাল সুজনকে। দলের কেউই আসলে টের পাননি সুজনকে হারাতে যাচ্ছে জাতীয় দল। নিজে জানালেন, ‘সম্মান থাকতে থাকতে সরে যেতে চাই। বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাঁরা সমর্থন করেছেন আমার সিদ্ধান্ত।’অব্যক্ত একটা চিত্রনাট্য মনে হয় থেকে গেল সুজনের মনে। স্টপার হিসেবে নাসির, কেষ্ট কাঠমান্ডুর এই প্রতিযোগিতায় খুব ভালো খেলায় সুজনের একাদশে আসার সম্ভাবনা ক্ষীণ। সামনে সেটি আরও অনিশ্চিত।প্রথম ম্যাচের পর কোচ ক্রুইফকে এ নিয়ে প্রশ্ন করলে জানতে চান, ‘এটা কি লেখার জন্য?’ লেখার জন্য নয় প্রতিশ্রুতি দিলে অফ দ্য রেকর্ড কিছু কথা বলেছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তরুণদের কাছ থেকে যে খেলাটা পাচ্ছেন ক্রুইফ, সুজনের পক্ষে তার ষোলো আনা দেওয়া সম্ভব নয় বলেই ডাচ কোচের বিশ্বাস।যা-ই হোক, বাস্তবতা না মেনে উপায় নেই। ২০০০ সালে সৌদি আরবে বিশ্বকাপ বাছাই দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু, টানা খেলে ২০০৮ সাফের পর চোট-আঘাতে বছর দুয়েক বাইরে ছিলেন। বাফুফে চিকিৎসার খরচ দেয়নি। ক্ষুব্ধ হয়ে জাতীয় দলে আর খেলবেন না বলে দেন। আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে বলছেন, মন থেকেই।বিদায় সুজন!