হঠাৎই স্থগিত সুপার কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সিদ্ধান্তটা নিল বাফুফে। আজ খেলা হওয়ার পর সুপার কাপ আপাতত স্থগিত থাকছে। অবশ্য খেলাও আর বেশি নেই। আজকের পর দুটি সেমিফাইনাল আর ফাইনালই বাকি থাকবে। এই তিনটি ম্যাচ হবে ২৮ জুলাই লেবাননের সঙ্গে বাংলাদেশ দল ফিরতি ম্যাচ খেলার পর।কথা ছিল, ১৯ জুলাই সুপার কাপের ফাইনাল শেষে পরদিনই বাংলাদেশ দল বৈরুত যাবে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ জুলাই। কিন্তু ‘সুপার কাপ এই সময়েই করতে হবে’ প্রতিজ্ঞায় জাতীয় দলের অনুশীলনকে গুরুত্ব দেয়নি বাফুফে। কিন্তু সুপার কাপ শুরুর পর দেখা গেল, মাঠে দর্শক নেই। দর্শকই যদি না আসে, তাহলে জাতীয় দলের অনুশীলন বন্ধ করে টুর্নামেন্টটা করার যৌক্তিকতা কী—স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে।কাল তাই তড়িঘড়ি করে সুপার কাপের দলগুলোর প্রতিনিধিদের ডেকেছিল বাফুফে। সুপার কাপ এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বসে ক্লাবগুলোকে বোঝান, জাতীয় স্বার্থে এখন না খেলে সেমিফাইনাল ও ফাইনাল পরে খেলা উচিত। ক্লাবগুলোও এটি মেনে নিয়েছে।বাফুফের একজন সহসভাপতি কাল বিকেলেই বলছিলেন, ‘মাঠে দর্শক আসছে না। তাই আপাতত সুপার কাপ স্থগিত রেখে জাতীয় দলকে বরং কয়েক দিন একসঙ্গে অনুশীলন করার সুযোগ দেওয়া উচিত।’তাতে কি মনঃকষ্ট পাবেন দর্শকেরা? পেতে পারেন, তবে সংখ্যাটা খুব বেশি হবে না। জামালপুরের গুনারিতলা থেকে কাল আবাহনীর খেলা দেখতে ঢাকায় আসা ৬৭ বছর বয়সী সুরুজ্জামানরা ব্যতিক্রমই। কাল খেলা দেখতে দেখতে বলছিলেন, ‘এখন আর সেই দিন নেই। আবাহনী-মোহামেডান খেলা দেখতে আগে টিকিটই পেতাম না। বেশি টাকা দিয়ে কত টিকিট কিনেছি।’ গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁর আবদুস সালামের মুখেও আক্ষেপ, ‘খুবই খারাপ লাগে গ্যালারির এ অবস্থা দেখে।’কোটি টাকার সুপার কাপে প্রতি ম্যাচে শ পাঁচেক দর্শক হয়েছে কি না, সন্দেহ। কেন এ অবস্থা? ভরদুপুরে খেলা, যানজট, টিকিটের বেশি দাম, পছন্দের দলের ওপর সমর্থকদের আস্থা হারানো—এসবকেই কারণ মনে করছেন প্রায় সবাই। শেখ জামাল অধিনায়ক আমিনুল হক এর সঙ্গে যোগ করলেন, ‘টুর্নামেন্টটা একটু তাড়াহুড়ো করে করা হয়েছে। সেভাবে প্রচারণাও হয়নি।’সুপার কাপের স্বপ্নদ্রষ্টা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আক্ষেপ করলেন, ‘ট্র্যাফিক জ্যাম ভেঙে দুপুরে কে খেলা দেখতে আসবে? কিন্তু ফ্লাডলাইট জ্বালাতে পারি না বলে রাতেও খেলা দিতে পারি না।’