হঠাৎই হাজির মাশরাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি গাড়ি এসে থামল ক্রিকেট বোর্ডের ভিআইপি গেটের সামনে। পেছনের গাড়ি থেকে নেমে চোখ দুটো বড় বড় করে চেয়ে রইলেন সাকিব আল হাসান। কয়েক সেকেন্ড হকচকিত হয়ে থাকার পর বেশ জোরেই চিৎকার করে উঠলেন, ‘মাশরাফি ভাই! আপনি এখানে!’বিস্ময়টা শুধু সাকিব আল হাসানকে নয়, ছুঁয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিক, খেলোয়াড়, কর্মকর্তা—সবাইকে। এনসিএল টি-টোয়েন্টির দল সুলতানস অব সিলেটের সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত তাই মাশরাফি বিন মুর্তজার ‘প্রত্যাবর্তন’ উৎসবে পরিণত হয়ে গেল।মাশরাফিও সংবাদ সম্মেলনে হাসিমুখে জানিয়ে দিলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারছিলাম না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ সময়ে প্র্যাকটিসের জন্য হলেও সিলেটের হয়ে এনসিএল খেলায় খুব উপকার হবে।’সুলতানস অব সিলেটের হয়ে খেলাটা মাশরাফির কাছে শুধু প্র্যাকটিসের উপলক্ষই হচ্ছে না। দলের গুরু দায়িত্বই তাঁকে নিতে হচ্ছে। গতকালের সংবাদ সম্মেলনের শুরুতেই সুলতানস অব সিলেট কর্তৃপক্ষ জানিয়ে দিল এনসিএলে তাদের দলের অধিনায়কও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। সংবাদ সম্মেলনটা ছিল সিলেটের দলটির পৃষ্ঠপোষক, কোচ, ম্যানেজার, অধিনায়ক ও বিদেশি খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার উপলক্ষ। শুরুতেই দলের অন্যতম মালিক রিজওয়ান বিন ফারুক জানালেন, সুলতানস অব সিলেটের কোচের দায়িত্ব পালন করবেন দীপু রায় চৌধুরী। দলের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধান উপদেষ্টা তৌহিদ সামাদ।সুলতানস অব সিলেট তাদের দলে জড়িয়েছে সিলেটের আরেক কৃতী সন্তান ফজলে হাসান আবেদকে। দলটির পৃষ্ঠপোষক ফজলে হাসানের হাতে গড়া ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপক বললেন, ‘আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের বাড়ি সিলেটে। প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকেই। সুতরাং সিলেটের দলটির পৃষ্ঠপোষক হতে পেরে আমরা গর্বিত।’এ ছাড়া সুলতানস অব সিলেটের টিম ম্যানেজমেন্টে সাবেক দুই জাতীয় দলের খেলোয়াড় ফারুক আহমেদ ও আতাহার আলী খানকেও যুক্ত করা হয়েছে। তবে গতকাল বাকি সবার চেয়ে বেশি আলোচনায় ছিলেন নিঃসন্দেহে মাশরাফি, ফয়সাল ইকবালরা। পাকিস্তানি ক্রিকেটার ফয়সাল ইকবাল ও রাশেদ হানিফ যে সিলেটের হয়ে খেলতে আসছেন, সেটা আগেই জানা গিয়েছিল। সংবাদ সম্মেলনে নিজেই হাজির হয়ে গেলেন জাভেদ মিয়াঁদাদের ভাগনে ফয়সাল। এই টেস্ট ক্রিকেটারই জানালেন, রাশেদ হানিফও যেকোনো সময় পৌঁছে যাবেন। ফয়সালের কাছে সিলেটের হয়ে খেলাটা একটা সুযোগের মতো ব্যাপার, ‘এই সময়ে আমাদের কোনো খেলা ছিল না। বোর্ড যেহেতু এখানে আসার অনুমতি দিয়েছে, এই টুর্নামেন্টে খেলে আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি টুর্নামেন্টটা নিয়ে খুবই উৎসাহী।’টুর্নামেন্ট নিয়ে উৎসাহী মাশরাফিও। মাশরাফিকে দলে অন্তর্ভুক্ত করায় সবাই দলটির কর্মকর্তাদের দিকে তাকিয়েছিল একটু অবাক দৃষ্টিতে। এটাকে একটা ‘বাজি’ বলেই মনে করা হয়েছিল, যে বাজিতে সিলেট কর্মকর্তাদের জেতার সম্ভাবনা কম মনে হচ্ছিল।কিন্তু সিলেট কর্মকর্তারা সবার ‘চক্ষু চড়কগাছ’ করে আইপিএলে কলকাতার হয়ে খেলার জন্য ভারতে থাকা মাশরাফিকে হাজির করে ফেলেছেন। কর্মকর্তারা জানালেন, তাঁরা এ ব্যাপারে শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলছিলেন কয়েক দিন ধরেই। শেষমেশ তাঁদের রাজি করানো গেছে। এবং গুরুত্বপূর্ণ সংবাদ এই যে, এই ছাড় দেওয়ার জন্য মাশরাফির কোনো টাকা কেটে রাখবে না কলকাতা নাইট রাইডার্স।আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চান মাশরাফি। হঠাৎ পাওয়া সুলতানস অব সিলেটের অধিনায়কত্ব নিয়ে দলকে সেরা ফলটাই এনে দিনে চান, ‘পেশাদার ক্রিকেটার আমি। তাই যেকোনো মূল্যে সিলেটকে শিরোপা জেতানোর চেষ্টা করব। আর আমাদের দলে সে রকম যোগ্য খেলোয়াড়ও আছে।’যোগ্যতার মাপকাঠিতে মাশরাফি তাঁর দলের অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলকেই বড় করে দেখছেন, ‘আমাদের দলে অলক, মোশাররফ, ফরহাদ, রাজিন, নাজমুলের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। দারুণ কয়েকজন তরুণ খেলোয়াড়ও আছে। যারা নিজেদের সর্বোচ্চ পর্যায়ে যোগ্য প্রমাণ করার জন্য লড়াই করবে বলে বিশ্বাস করি আমি।’