হণ্টন যেন রুশ-ইভেন্ট

দুই দিন আগে পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন রাশিয়ার আলেক্সান্দার ইভানভ। পুরুষ সহযোগীর পথেই যেন ‘হাঁটল’ রুশ মেয়েরা। সেই ২০০১ সাল থেকেই এই ইভেন্টটাকে রুশ নারীরা একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে নিয়েছেন। মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেই ধারাটা বজায় থাকল। ১ ঘণ্টা ২৭ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী ইয়েলেনা লাশমানোভা জিতেছেন সোনা। তিন সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন স্বদেশি আনিসিয়া কিরদিয়াপকিনা। আর ব্রোঞ্জ পেয়েছেন চীনের লিউ হং (১ ঘণ্টা ২৮ মিনিট ১০ সেকেন্ড)।
তবে এই বিভাগের সবগুলো পদকই যেতে পারত রাশিয়ার ঘরে। ভেরা সকোলোভা তৃতীয় হওয়ার দিকে ভালোমতোই এগোচ্ছিলেন। কিন্তু তীরে এসে তরি ডুবল, স্টেডিয়ামে ঢোকার পরেই অযোগ্য ঘোষিত হন সকোলোভা। ভাগ্যের শিকে ছেঁড়ে চারে থাকা হংয়ের। সকোলোভাকে অবশ্য হুট করে বাদ দেওয়া হয়নি, আগেও দুবার সতর্ক করা হয়েছিল। তৃতীয়বার নিয়ম লঙ্ঘন করার পরেই কপাল পোড়ে তাঁর। প্রতিযোগিতা শুরুর আগেই অবশ্য নিজের নাম সরিয়ে নেন সোনার আরেক দাবিদার তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ারই ওলগা কানিসকিনা। এএফপি।