হতভম্ব, বিব্রত, দিশেহারা স্পেন
তাঁর পাথুরে মুখের আড়ালে আলাদা করে কোনো অভিব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। রাগ, ক্ষোভ, হতাশা, আনন্দ—সবকিছুতেই ভাবলেশহীন ভিসেন্তে দেল বস্ক। সেই নিরেট প্রাচীরেও যেন পরশু ফাটল ধরল, শুষ্ক নদী চিরে বেরিয়ে এল বিষাদের চোরাস্রোত। চোখের সামনে পাণ্ডবদের নিহত হতে দেখলে দ্রোণাচার্য কী করে নির্লিপ্ত থাকতে পারেন?
অথচ এই দলটা কয়েক বছর ধরে কী দারুণ সৌন্দর্যই না ছড়িয়েছিল। ইতিহাসের প্রথম দল হিসেবে জিতেছে ইউরো, বিশ্বকাপ, ইউরো—শিরোপা-ত্রয়ী। কিন্তু গত কনফেডারেশনস কাপ থেকে যেন বাজতে শুরু করল অশিনসংকেত। ব্রাজিলের কাছে ফাইনালের সেই লজ্জার পর কম ঝড় তো যায়নি দেল বস্কের ওপর দিয়ে। কিন্তু পরশু যেটা হলো, সেটার সঙ্গে কি কোনো কিছুর তুলনা চলে? হল্যান্ডের সঙ্গে ৫-১ গোলে হারার পর তো হতভম্ব স্পেন কোচ তাই বলেই ফেললেন, ‘৫ গোলের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। আমরা কখনোই রক্ষণাত্মক কোনো দল ছিলাম না। কিন্তু রক্ষণটা সব সময়ই ঠিকঠাক করে এসেছি। কিন্তু আজকে আমরা কিছুই করতে পারিনি।’
এমন একটা হারের পর সেটা নিয়ে ব্যবচ্ছেদ চলবেই। জাভি তো বলেই দিয়েছেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ। এটা ছিল ভয়াবহ একটা ফল, বিপর্যয়। আমরা কিছুই ঠিকমতো করতে পারিনি।’ তবে এখনো মাত্র টুর্নামেন্ট শুরু। গতবারও তো সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আন্দ্রেস ইনিয়েস্তা সেটাই মনে করিয়ে দিলেন, ‘এ রকম একটা ফলের পর আসলে কিছু বলার থাকে না। আমরা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর এটা বিশ্বকাপ, এ রকম কিছু হতেই পারে। কিন্তু আমরা যদি বাকি দুই ম্যাচ জিতি, তাহলে আমাদের পথটা খোলা থাকবে।’
দেল বস্কও জানেন এখনই ‘সব শেষ হয়ে গেছে’ ভাবলে চলবে না। আপাতত তাই লজ্জা ভুলে তাকাতে চাইছেন সামনে, ‘আমি ডাচদের অভিনন্দন জানাতে চাই, তারা দ্বিতীয়ার্ধে আমাদের উড়িয়ে দিয়েছে। এটা একটা খেলা, যেটাতে আমরা হেরে গেছি। আমি বুঝতে পারছি আমরা নাজুক একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। আমি খুবই হতাশ ও বিপর্যস্ত, কিন্তু সেটা সামাল দেওয়ার জন্য যথেষ্ট অভিজ্ঞতা আমার হয়েছে।’ এএফপি, ওয়েবসাইট