হতশ্রী ব্রাজিল-রক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি, এএস রোমা। ক্লাব ফুটবলে ইউরোপিয়ান পরাশক্তিদের হয়ে বাঘা বাঘা স্ট্রাইকারদের এত দিন রুখে দিয়েছেন মার্সেলো, দান্তে, ডেভিড লুইজ, মাইকনরা। তবু ফুটবল-বিশ্ব গতকাল দেখল তাঁদের অসহায় আত্মসমর্পণ, ঘরের মাঠে ব্রাজিলকে গুনে গুনে ৭ গোল দিল জোয়াকিম লোর দল। নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভার অভাব ভীষণভাবেই অনুভূত হবে জানা ছিল, আক্রমণভাগে একজন নেইমারের অভাব ঢাকা যাবে না । তবু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণদুর্গের এমন হতশ্রী দশা দুঃস্বপ্নেও ভাবেননি কোনো সমর্থক।
তবে স্কোরলাইনটা এর চেয়ে খারাপও হতে পারত। কি মার্কিং, কি পজিশন সেন্স, কোনোটাই দেখাতে পারেননি ব্রাজিল ডিফেন্ডাররা। দুই প্রান্তে ধীরগতির মার্সেলো আর মাইকনকে সহজেই পরাস্ত করছিল জার্মানি আক্রমণভাগ, রক্ষণভাগের সামনে লুইজ গুস্তাভো আর ফার্নান্দিনহোও ছিলেন অতিসাধারণ, যে সুযোগটা কাজে লাগাচ্ছিলেন টনি ক্রুস, স্যামি খেদিরারা। এমন জয়েও জার্মানির কোচ লোর মধ্যে নেই কোনো উচ্ছ্বাস। বরং ম্যাচ শেষে সেলেসাওদের প্রতি সহানুভূতিই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘১৮ মিনিটে ৫ গোল। বোঝাই যাচ্ছে ওরা খেই হারিয়ে ফেলেছিল, বুঝতে পারছিল না কী করবে।’ সেলেসাও কোচ লুইস ফেলিপে স্কলারিও যেন সেটাই মেনে নিলেন, ‘আমরা দিশা হারিয়ে ফেলেছিলাম।’ রয়টার্স।