হতাশ, বিস্মিত স্মিথ
‘টু দ্য পয়েন্ট’-এর বেশি কিছু ‘পয়েন্ট’ অনুমিতভাবেই ঝড় তুলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। আত্মজীবনীতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অনেক অন্ধকার অধ্যায় আলোতে এনেছেন হার্শেল গিবস। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি গিবসের এসব দাবিকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছিলেন আগেই। এবার চরম বিস্ময় ও হতাশার কথা জানিয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ভাবছে, গিবসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না।দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের যৌন উন্মত্ততা, মাদক সেবন আর শৃঙ্খলাভঙ্গের অনেক কাহিনি উঠে এসেছে গিবসের আত্মজীবনীতে। বইয়ের বড় একটা অংশজুড়ে আছে অধিনায়ক স্মিথের অতিরিক্ত ক্ষমতা ও জুনিয়রদের ওপর দলের সিনিয়রদের খবরদারির প্রসঙ্গ। গিবসের দাবিগুলো নিয়ে নয়, স্মিথ বেশি কষ্ট পাচ্ছেন গিবস এমন কিছু করেছেন বলে, ‘বইটি আমি এখনো পড়িনি। তবে যা জেনেছি, তাতে বলতেই হবে পুরো দল এবং আমি যারপরনাই কষ্ট পেয়েছি। সবচেয়ে বেশি হতাশ লাগছে এ জন্য যে আমরা সব সময়ই ওর পাশে ছিলাম। স্ত্রীর সঙ্গে ওর ছাড়াছাড়ি হওয়া, ওর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠা—এমন সব দুঃসময়েই আমরা ওর পাশে ছিলাম। এ জন্যই আমি বুঝতে পারছি না, ও কেন এভাবে আমাদের পেছনে লাগল। এর কারণ জানতে চেয়ে আমি ওকে এসএমএসও করেছি।’সিনিয়র ক্রিকেটাররা দল নিয়ন্ত্রণের চেষ্টা করে, গিবসের এই দাবির ব্যাখ্যাও দিয়েছেন স্মিথ, ‘বিশ্বের যেকোনো জায়গায়, যেকোনো ক্ষেত্রে সিনিয়ররা সামনে থেকে নেতৃত্ব দেয়, এমনটাই তো হয়ে আসছে। সেটা শুধু স্পোর্টসেই নয়, সব ক্ষেত্রেই। গত তিন-চার বছরে আমাদের সাফল্যই প্রমাণ করছে দলের পরিবেশ কেমন। হার্শেল যদি ভেবে থাকে, ওর সঙ্গে অন্যায় কিছু করা হয়েছে, তাহলে সেটা নিজের প্রতি ওর নিরাপত্তাহীনতা থেকেই হয়েছে।’এত কিছুর পরও গিবস আবার দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাবেন কি না, সন্দেহ এখন সেটা নিয়েই। তবে দলে আসলে গিবসকে স্বাগত জানাতে সমস্যা নেই স্মিথের। তবে একটা শর্ত জুড়ে দেওয়ার পাশাপাশি ভোলেননি একটা খোঁচা দিতেও, ‘আর দশটা ক্রিকেটারের মতো দলের দরজা ওর জন্যও সব সময় খোলা, যদি ওর পারফরম্যান্স দলে আসার মতো হয় এবং যদি বইয়ে যা লিখেছে, এসব নিয়ে সবার সঙ্গে খোলামেলা আলোচনা করে। কোনো সন্দেহ নেই, ও অসাধারণ ব্যাটসম্যান। তবে বলতেই হবে, ওর যা প্রতিভা, তাতে আরও অনেক বেশি কিছু অর্জন করতে পারত। ব্যক্তিগত জীবন নিয়ে বইয়ে যা লিখেছে, তাতে এই প্রশ্নটাও চলে আসছে, ও কেন এমন জীবনযাপন করেছে। সবচেয়ে দুঃখের ব্যাপার, এত ভালো একজন ব্যাটসম্যানকে সবাই এখন ভুল কারণে মনে রাখবে।’বছর দুয়েক ধরেই দলে আসা-যাওয়ার মধ্যে আছেন গিবস। তবে বোর্ডের সঙ্গে চুক্তি আছে আগামী এপ্রিল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান টনি আইরিশ বলেছেন, গিবসের ব্যাপার নিয়ে সিএসএর প্রধান জেরাল্ড মাজোলার সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সিদ্ধান্ত হবে বইটি পড়ার পর। তবে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেপলার ওয়েসেলস বলেছেন, গিবসের আর জাতীয় দলে ফেরার আশা না করাই ভালো।বোঝাই যাচ্ছে, বইটির বেশ কিছু ক্রেতা এরই মধ্যে পেয়ে গেছেন গিবস! ওয়েবসাইট।