হতাশ করল মেয়েরাও
ছেলেদের দেখানো পথেই হাঁটলেন মেয়েরা। আগামী জুলাইয়ে লন্ডন অলিম্পিকে সরাসরি খেলার শেষ সুযোগ হারালেন শারমিন আক্তার রত্না, শারমিন আক্তার ও তৃপ্তি দত্তও।কাতারের দোহায় চলছে এশিয়ান শ্যুটিং। পরশু ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের বিভাগে খুবই কম স্কোর করায় আসিফ হোসেন খান ও আবদুল্লাহ হেল বাকি বিদায় নিয়েছেন খালি হাতে। ৫১ জনের মধ্যে আসিফ ২৫তম ও বাকি ৩৩তম।কাল এই ইভেন্টের মেয়েদের বিভাগে ৫০ জনের মধ্যে ১৯তম শারমিন আক্তার রত্না। স্কোর ৩৯৪। ৩৯২ স্কোর করে ২৬তম তৃপ্তি দত্ত, ৩৮৮ পয়েন্ট পাওয়া শারমিন আক্তার ৩৬তম। ৩ পয়েন্ট বেশি স্কোর নিয়ে আগামী অলিম্পিকে খেলার সুযোগ ছিনিয়ে নিয়েছেন মালয়েশিয়ার তাইবি নূর সুরিয়ানি। সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া অন্য শ্যুটার কুয়েতের আরজুকি মরিয়ম (৩৯৮)। দুঃসংবাদের দিনে একটা পদক পেতে পেতেও আর পায়নি বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে দশমিক এক পয়েন্টের জন্য ব্রোঞ্জ পাননি সাদিয়া সুলতানা। ৪০০-এর মধ্যে ৩৯৫ স্কোর করা সাদিয়া শ্যুট অফেও শুরুতে ছিলেন উজ্জ্বল। তবে শেষ দিকে শ্যুট অফে খারাপ করেন সাদিয়া। অলিম্পিকে সরাসরি খেলার সব সুযোগ শেষ। এখন ভরসা একটি ‘ওয়াইল্ড কার্ড’, যেটি পেলে বাংলাদেশ থেকে একজন শ্যুটার যেতে পারবেন অলিম্পিকে।