হতাশ করলেন বাকিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে অনুষ্ঠানরত এশিয়া অলিম্পিক বাছাইয়ের ১০ মিটার এয়ার রাইফেলে আগের দিন মেয়েরা খুবই বাজে ফল করেছেন। কাল এই ইভেন্টে হতাশা উপহার দিয়েছেন আবদুল্লাহ হেল বাকিও। ৬১৯ পয়েন্ট স্কোর করে ৫২ জনের মধ্যে ১৩তম হয়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার। এমনিতেই এবার এসএ গেমসে শুটিংয়ে সোনার পদক জেতার সম্ভাবনা খুব কম। ফেডারেশনের স্বপ্ন আবর্তিত হচ্ছে এই বাকিকে ঘিরেই। কিন্তু এসএ গেমসের আগে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গেমসে নিজেকে পরখ করে নিশ্চয়ই হতাশায় পুড়ছেন বাকি। শুধু তা-ই নয়, কোটা প্লেস নিয়ে বাকির অলিম্পিকে খেলার স্বপ্নটাও ধূসর হয়ে গেল।
স্কটল্যান্ডে গত কমনওয়েলথ গেমসে রুপা জেতার আগে শুট অফে ওঠার পরীক্ষায় বাকি করেছিলেন ৬২০ স্কোর। কিন্তু সেই স্কোরও করতে পারেননি দিল্লিতে! সেরা আটে ওঠার সুযোগটা হাতছাড়া হয়েছে। এখানে জাপানের ওকাদা নাইয়োয়া ৬২০.৮ স্কোর করে ষষ্ঠ হয়ে শুট অফে ওঠেন। সেই ওকাদাই শুট অফে ২০৮.১ স্কোর করে শেষ পর্যন্ত সোনা জিতেছেন।
এসএ গেমসে আশা জাগানিয়া বাংলাদেশের একমাত্র শুটারেরই যখন এই অবস্থা, অন্যদের পারফরম্যান্স আরও বাজে হওয়াই স্বাভাবিক। হয়েছেও তা-ই। এই ইভেন্টে এসএ গেমসে খেলবেন বাংলাদেশ আরও দুই শুটার শোভন চৌধুরী ও অঞ্জন সিংহ। শোভন দিল্লিতে ৫২ জনের মধ্যে হয়েছেন ২৫তম। অঞ্জন ৩৫তম। ৬১৫.৫ স্কোর করেছেন শোভন, অঞ্জনের স্কোর ৬০৮.৫।