হতাশ-ক্ষুব্ধ, তবে অবাক নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটে আগেই উঠেছে দাবিটা। এবার উঠল বাংলাদেশ থেকেও। পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করতে হবে অপরাধীদের। ক্রিকেটকে কলুষমুক্ত রাখতে ম্যাচ পাতানোর ‘নায়ক’দের কঠোর শাস্তি চান বাংলাদেশের ক্রিকেটাররা।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রস্তুতিতে দুই দিন ধরেই লর্ডসের স্পট ফিক্সিং নিয়ে আলোচনা। ম্যাচ পাতানোয় পাকিস্তানের ক্রিকেটারদের ‘টিম স্পিরিট’ দেখে বিস্মিত সবাই। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের মতো সম্ভাবনাময় ক্রিকেটাররা কীভাবে ক্যারিয়ারের শুরুতেই বিপথে পা বাড়ালেন, সেটা মেলাতেই পারছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘মাত্র ক্যারিয়ার শুরু ওদের। ওয়াহাব রিয়াজের তো টেস্ট অভিষেকই হলো এই সিরিজে। সে-ও নাকি আছে অভিযুক্তদের মধ্যে! আর আমিরের বোলিং তো আমার কাছে খুবই ভালো লাগত।’আমিরদের কুকীর্তি থেকে আরেকটা সিদ্ধান্তেও পৌঁছে যাচ্ছেন মাশরাফি, ‘এ ঘটনা কিন্তু প্রমাণ করে ম্যাচ পাতানোর ব্যাপার-স্যাপার সব সময়ই ছিল। হয়তো আমাদের সামনে আসেনি।’ ক্রিকেটকে এই দুষ্টক্ষত থেকে মুক্ত করতে একটাই পথ দেখছেন তিনি, ‘দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা হয়নি বলেই সমস্যাটা এখনো রয়ে গেছে।’দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটা মুশফিকুর রহিমেরও, ‘যখন এসব ঘটনা ঘটে, ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ক্রিকেটের ভাবমূর্তিটাই নষ্ট করে দিচ্ছে ওরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রয়োজনে আজীবন নিষিদ্ধ করতে হবে।’ এটিকে খেলোয়াড়দের সততার একটা পরীক্ষা বলেও মনে করছে বাংলাদেশের উইকেটকিপার, ‘বিবেক ঠিক থাকলে সব ধরনের প্রলোভনই এড়িয়ে চলা সম্ভব। আইসিএলে খেলতেও তো আমাদের অনেক ক্রিকেটারের কাছে প্রস্তাব এসেছিল। সবাই তো যায়নি।’ মুশফিকুর অবশ্য পাকিস্তানি ক্রিকেটারদের সর্বশেষ কেলেঙ্কারিতে একটুও অবাক হননি, ‘পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষেই এটা সম্ভব। আগেও বহুবার ওরা এসব ঘটনা ঘটিয়েছে। আমি এতে অবাক হইনি।’এখন তো আর শুধু ম্যাচের ফলাফল গড়াপেটা হচ্ছে না, বাজি ধরা হচ্ছে আরও অনেক কিছু নিয়েই। পেসার সৈয়দ রাসেল এটাকে ক্রিকেটের জন্য বড় বিপদ বলেই দেখছেন, ‘এখন অনেক ছোট ছোট বিষয়েও বাজি ধরা হয়, যেসবের প্রভাব হয়তো সেভাবে ম্যাচের ফলাফলের ওপর পড়ে না। ক্রিকেটাররা হয়তো এসবে জড়ানোটাকে কম ঝুঁকিপূর্ণ বলে মনে করে।’ বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক পুরো ব্যাপারটাকে দেখছেন আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে, ‘এটা একটা জাতির জন্যই লজ্জার। যখন কোনো দেশের ক্রিকেটাররা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়ে, তখন ওই পুরো জাতিই এর জন্য লজ্জার মধ্যে পড়ে। ক্রিকেটারদের কারণে পুরো জাতির মর্যাদা নষ্ট হয়। এর চেয়েও বড় ক্ষতি, এসব ঘটলে খেলাটার প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে।’শাহাদাত হোসেন বা রকিবুল হাসানের কাছে ম্যাচ পাতানোর সর্বশেষ ঘটনাটিকে ক্রিকেটের জন্য একটা অশনিসংকেতই মনে হচ্ছে। ‘এটা খুব খারাপ হলো’—বলেছেন শাহাদাত। আর রকিবুল বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে বলব, এটা খেলাটার জন্যই খারাপ একটা লক্ষণ। কোনো ক্রিকেটারই চায় না ক্রিকেট খেলাটা এভাবে কলঙ্কিত হোক।’এসব ভেবে বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের কথায়ও অসহায়ত্ব, ‘কোনো দলই আসলে নিরাপদ নয়। এখন এত ছোট ছোট বিষয়ের ওপরও ম্যাচ ফিক্সিং হয় যে বাইরে থেকে সেটা ধরা কঠিন। ফাইন লেগে ফিল্ডার থাকবে কি না, এটা নিয়েও তো বাজি হতে পারে। এখন আপনিই বলুন, কোনো অধিনায়ক অন্য কোনো উদ্দেশ্যে ফাইন লেগ রাখছে কি রাখছে না, এটা কীভাবে বোঝা সম্ভব?’তবে ক্রিকেট ও ক্রিকেটারদের ওপর থেকে যখন সবার বিশ্বাস উঠে যাওয়ার উপক্রম, মাশরাফি বিন মুর্তজা একটা নিশ্চয়তা দিতে চাইলেন। বাংলাদেশ দলে ম্যাচ পাতানোর বিষ এখনো ঢোকেনি বলেই বিশ্বাস অধিনায়কের। বাংলাদেশের মানুষও মনেপ্রাণে চায়—এটিই যেন সত্যি হয়।