হতাশ গেইল বিস্মিত আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইলকে কোনো দল না কেনায় আরও অনেকের মতো বিস্মিত ওয়াসিম আকরামও। তবে বিস্ময়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা কপিল দেব খুঁজে পেয়েছেন যুক্তি। সাবেক ভারত অধিনায়কের ধারণা, শুধু ক্রিকেটীয় কারণ নয়, সৌরভকে না কেনার পেছনে আরও অনেক কারণ আছে। আর হতাশ, বিস্মিত গেইল আশ্রয় খুঁজছেন দর্শনে, বলছেন জীবন থেমে থাকবে না।সাবেক পাকিস্তান অধিনায়ক আকরাম কিছুদিন কাজ করেছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে। ৪৪ বছর বয়সী সাবেক পেসারের ধারণা ছিল, কলকাতা না কিনলেও কোনো না কোনো দল সৌরভকে কিনবেই, ‘গাঙ্গুলী আমার খুব কাছের বন্ধু। আমার ধারণা ছিল, আর কিছু না হোক, অন্তত অভিজ্ঞতা আর নেতৃত্বগুণের জন্য কোনো দল ওকে নেবে। ওকে পুরোপুরিই উপেক্ষা করার খবরটা আমার কাছে তাই বিস্ময় হয়েই এসেছে।’আইপিএলে উপেক্ষিত হওয়ার পর সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি এখন ঘোষণা করে দেওয়াই যায়। তিন বছর আগে ওয়ানডে, দুই বছর আগে টেস্ট ও গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ৩৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান। সাবেক ভারত অধিনায়ককে এমন উপেক্ষিত হতে দেখে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল যুক্তি খুঁজছেন, ‘সৌরভ ছাড়া কেকেআর কিছুই না। নিশ্চিতভাবেই দলটা অনেক সমর্থক হারাবে। তবে দলে অনেক বিভ্রান্তি ছিল, ওকে অধিনায়ক হিসেবে খেলানো হবে, না শুধুই ক্রিকেটার হিসেবে। আমি ওখানে থাকলে ওকে বলতাম, সামর্থ্যের সবটা দিয়ে দলকে নেতৃত্ব দাও, নাহলে বিদায় বলে দাও। দল হয়তো ভেবেছে, তিন বছর ওকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, এবার বিদায় দেওয়ার সময়। তবে আমার মনে হয়, ওকে না নেওয়ার পেছনে আরও অনেক কারণ আছে।’আকরাম অবশ্য সৌরভের চেয়ে বেশি বিস্মিত গেইলকে কেউ না কেনায়, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না। সে মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্ভবত অনেক দলের পরিকল্পনা ও বিন্যাসে তাকে মানানো যায় না। দলগুলো হয়তো ভেবেছে, সে তরুণদের ঠিকভাবে সাহায্য করে না।’ কোনো দল গেইলকে নিলেও ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক সূচির জন্য অবশ্য দুই সপ্তাহের বেশি খেলাতে পারত না। হতাশ গেইলের ধারণা, এর একটা ভূমিকা থাকতে পারে, ‘আমি নিশ্চিত, আইপিএল দলগুলোসহ সবাই জানে আমার সামর্থ্য। আমার কোনো কিছু প্রমাণের নেই। আইপিএলে কেউ আমাকে ডাকেনি, এটা দুর্ভাগ্যজনক। আমি হতাশ, তবে জীবন তো আর থেমে থাকবে না, সামনে এগিয়ে যেতেই হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো সেরা ক্রিকেটারদের পুরো সময়ের জন্যই চায়।’ ওয়েবসাইট।