হতাশ জিম্বাবুয়ের ড্রয়ের আশা
মাঠে পা দিয়েই ক্রিস্টোফার পোফু যা বোঝার বুঝে গেলেন। খানিকটা হাঁটাহাঁটি করে হিথ স্ট্রিকের দিকে তাকিয়ে গ্রান্ট ফ্লাওয়ার যেভাবে মাথা নাড়লেন, সেটার একটাই অর্থ, ‘খেলা সম্ভব নয়।’ জিম্বাবুয়ে তাই তৈরি হয়েই ছিল, আনুষ্ঠানিকভাবে খেলা পরিত্যক্ত হওয়া মাত্রই অনুশীলনে নেমে গেলেন মাসাকাদজা-টাইবুরা। বাংলাদেশ দলের কয়েকজন ছাড়া ছাড়াভাবে অনুশীলন করছিলেন, কিন্তু জিম্বাবুয়ের অনুশীলন হলো পুরোপুরি একটা অনুশীলন সেশনের মতোই। একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, শেষটি তো কাজে লাগাতে হবে!সাধারণ্যে ধারণা হতে পারে, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সিরিজ জয়টা পিছিয়ে গেল। কিন্তু জিম্বাবুয়ে এভাবে ভাববে কেন, এমন তো নয় যে বাংলাদেশকে হারানোর সামর্থ্য তাদের নেই! কোচ অ্যালান বুচার বরং হতাশ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায়, ‘আজ (কাল) খেলা হলে এবং জিতলে সিরিজ জয়ের একটা সম্ভাবনা ছিল আমাদের। কিন্তু এখন তো বড়জোর সিরিজ ড্র করাই সম্ভব। অবশ্য পেছনে থেকে সিরিজ ড্র করতে পারাটাও আমাদের জন্য হবে বড় একটা অর্জন। তবে তা করতে আগের ম্যাচগুলোতে যেমন খেলেছি, আমাদের তার চেয়ে অনেক ভালো খেলতে হবে।’তবে এই ড্র করার সুযোগও পাবেন কি না, কালকের অভিজ্ঞতার পর জিম্বাবুয়ের ইলিশ কোচ চিন্তিত এখন সেটা নিয়েই, ‘মাঠ যা দেখলাম, আজকালের মাঝে আরেক দফা বৃষ্টি হলে তো পরের ম্যাচও হবে না। আর শেষ দুই ম্যাচে মাঠে না নেমে যদি সিরিজ হারতে হয়, এর চেয়ে হতাশার কিছু আর হতে পারে না।’কথাগুলো যখন বলছিলেন, বুচারের প্রায় মুণ্ডিত মস্তক আর কপালে চিকচিক করছিল ঘাম। ভেজা মাঠের জন্য খেলা পরিত্যক্ত হয়েছে, কিন্তু কাঠফাটা না হলেও চট্টগ্রামের আকাশে তখন ঝকঝকে রোদ! শুরুতে একটু অদ্ভুত লাগলেও মাঠ দেখার পর বুচারের উপলব্ধি, ‘এমনিতে তো রোদের তেজ বেশ। তবে মাঠ অনেক ভেজা আর কর্দমাক্ত। নিষ্কাশনব্যবস্থা একটু ভালো হলে হয়তো এমনটা হতো না।’অনুশীলন সেশনটা মনে হয় ঠিক ভালো লাগছিল না উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর। মাঝপথেই চলে গেলেন ড্রেসিংরুমে। যাওয়ার পথে জানিয়ে গেলেন কারণটা, ‘ম্যাচ খেলতে এসে যদি অনুশীলন করতে হয়, তাহলে কি আর ভালো লাগে! একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই হতাশার। কিন্তু মাঠের অবস্থা আসলেই খারাপ। কাদা-কাদা হয়ে আছে, এখানে তো আর খেলা যায় না।’ স্পিনার রেমন্ড প্রাইসও মেনে নিলেন বাস্তবতা, ‘আবহাওয়ার ওপর তো কারও হাত নেই।’আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি হতে পারে আজও। কালও না এই একই কথা বলতে হয় প্রাইসদের!