হতাশ টেলর, খ্যাপা পন্টিং

ড্রেসিংরুমে কত ঘটনাই তো ঘটে। সেসব পরে বই লিখে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া কি ঠিক?
মার্ক টেলরের মতে, মোটেও ঠিক নয়। অন্যায় না হলেও এটা শিষ্টাচারবিরোধী তো বটেই! রিকি পন্টিং নাকি সেই কাজটাই করেছেন, আত্মজীবনীতে তুলে এনেছেন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের অনেক গোপন কথা। সে কারণেই পন্টিংয়ের ওপর নাখোশ সাবেক এই অধিনায়ক টেলর। এটা জেনে আবার উল্টো টেলরের ওপরই খেপেছেন পন্টিং। তাঁর দাবি, আত্মজীবনীতে তিনি শিষ্টাচারবিরোধী কিছুই লেখেননি!

টেলরের মূল আপত্তির জায়গাটা মাইকেল ক্লার্ককে নিয়ে লেখা অংশটুকু নিয়ে। আত্মজীবনী অ্যাট দ্য ক্লোজ অব প্লেতে পন্টিং লিখেছেন, ক্লার্কের কাছে তিনি অনেক কিছু আশা করতেন। কিন্তু সহ-অধিনায়ক হিসেবে ক্লার্কের সহযোগিতা তেমন পেতেন না তিনি। ম্যাচ শেষ হলে দিনের ভুলগুলো নিয়ে যখন ড্রেসিংরুমে কথা হতো, বেশ চুপচাপ থাকতেন ক্লার্ক। এ ছাড়াও বান্ধবী লারা বিঙ্গলের সঙ্গে ক্লার্কের সম্পর্ক ও দুজনের বিচ্ছেদের পর ২০১০ নিউজিল্যান্ড সফরের মাঝে দেশে ফিরে যাওয়া নিয়েও তাঁর সমালোচনা করেছেন পন্টিং। তবে অস্ট্রেলিয়ান একটি রেডিওতে দেওয়া সাক্ষাত্কারে পন্টিংয়ের এসব লেখার সমালোচনা করেছেন টেলর, ‘আমি খুব হতাশ যে এই ব্যাপারগুলো ড্রেসিংরুমের বাইরে চলে এসেছে। এটা অস্ট্রেলিয়া দলের শিষ্টাচারবিরোধী। কিছু কিছু ব্যাপার ড্রেসিংরুমেই সমাধান করতে হয়।’ এটা জেনে পন্টিং বলেছেন, ‘আমি আমার কথা বলেছি শুধু। বই বিক্রির জন্য এসব লিখিনি। আমি ও রকম মানুষ নই।’ এএফপি।