হতাশ নন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মৌসুম ধরে পুরস্কারটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রেখেছেন লিওনেল মেসি। টানা চার মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের শোকেসে তুলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। বিষয়টি নিশ্চয়ই ভালো লাগেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। হাজার হোক, মুকুটটা প্রথম রোনালদোর কাছ থেকেই কেড়ে নিয়েছিলেন মেসি। রোনালদো অবশ্য তখন ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। দুজনের ব্যক্তিগত এই দ্বৈরথে রোনালদো অবশ্য এবার ভালোই এগিয়ে। ৩ ম্যাচে মেসির গোল মাত্র দুটি, পর্তুগিজ তারকার পাশে লেখা হয়ে গেছে ৫ গোল। পঞ্চম গোলটি এল পরশুর চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ার মুহূর্তের মধ্যেই আবার কক্ষপথে ফিরেছিল তাঁরই সৌজন্যে। শেষ পর্যন্ত অবশ্য জার্মান-গেরো খুলতে না পেরে হারই মেনে নিতে হয়েছে। তবে ম্যাচ শেষে রোনালদো বলেছেন, এই পরাজয়ে তিনি হতাশ নন। প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট ‘গ্রুপ অব ডেথে’ রিয়ালকে যথেষ্ট শক্ত অবস্থানেই রেখেছে। সামনে আরও তিন ম্যাচ আছে। রিয়াল সমর্থকদের ভয় পাওয়ার কিছুই নেই।‘এ নিয়ে নাটুকে কিছু করার প্রয়োজন নেই। সামনে আরও অনেক ম্যাচ বাকি। পরের পর্বে যাওয়ার জন্য আমাদের অবস্থানও যথেষ্ট সুসংহত’—রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটকে বলেছেন রোনালদো। বরুসিয়া ডর্টমুন্ড বর্তমান জার্মান চ্যাম্পিয়ন সে কথাও সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন সিআর সেভেন, ‘আমরা জানতাম, ম্যাচটা অনেক কঠিন হবে। কারণ ওরা খুবই ভালো দল, নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ। ফুটবল খেলাটাই এমন। দুই দলেরই জেতার সমান সুযোগ থাকে যখন আপনি দুর্দান্ত একটা দলের মুখোমুখি হন।’অবশ্য দ্বিতীয় গোলটি হজম করা ঠিক পছন্দ হয়নি রোনালদোর, সেটাও লুকোননি, ‘ওরা ভালো খেলেছে। যদিও আমি মনে করি ডর্টমুন্ডের দ্বিতীয় গোলটায় ভাগ্যের ছোঁয়া আছে।’প্রায় একই ধরনের মন্তব্য হোসে মরিনহোরও, ‘আমরা ম্যাচটা হেরেছি। কিন্তু এটা নাটকীয় কিছু নয়। আমরা কঠিন একটা গ্রুপে পড়েছি, এটা ছেলেখেলা নয়। পরাজয় সব সময়ই হতাশার। তবে আমরা কিন্তু এখনো পয়েন্ট তালিকার দুইয়েই আছি।’ ওয়েবসাইট।