হতাশ নন শারাপোভা!
উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার সুযোগ ছিল ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম বৃত্ত পূরণ করার। সেমিফাইনালে উঠে সেই ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু শেষ চারে চীনের লি নার কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন না জেতার অপূর্ণতাটা থেকেই গেল মারিয়া শারাপোভার। দুরন্ত পথে হঠাৎ ছন্দপতন অবশ্যই হতাশার।কিন্তু শারাপোভা বলছেন, লি নার কাছে হারায় তিনি অতটা হতাশ নন। নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রেখে তাঁর দৃষ্টি বরং ঘাসের কোর্টের উইম্বলডনের দিকে। ২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডনেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে।ফ্রেঞ্চ ওপেনের মধ্য দিয়েই শেষ হচ্ছে ক্লে-কোর্ট মৌসুম। এরপরই ঘাসের কোর্টের টুর্নামেন্ট। লি নার কাছে হারের পর শারাপোভা বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গেই ক্লে-কোর্ট থেকে ঘাসের কোর্টে পা রাখতে যাচ্ছি।’চোট থেকে সেরে ওঠার পর রুশ টেনিস-কন্যাকে করতে হচ্ছে নিজেকে ফিরে পাওয়ার সংগ্রাম। রোম মাস্টার্সের শিরোপার পর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার মধ্যে শারাপোভা তাই দেখছেন নিজের এগিয়ে যাওয়ার ছবি, যা শারোপোভাকে দেখাচ্ছে দুর্দান্ত একটি গ্রীষ্মের স্বপ্ন, ‘পুরো গ্রীষ্মটাই আমার জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। প্রস্তুতি টুর্নামেন্ট, উইম্বলডন, তারপর ইউএস ওপেন। সম্ভবত এটাই হবে আমার অন্যতম সেরা মৌসুম। আমার মনে হয়, সামনেই পাওয়ার আছে অনেক কিছু।’ এএফপি।