হতাশ নন হেসন

অখণ্ড অবসর পেয়ে গেল নিউজিল্যান্ড দল। বাংলাদেশ দলের ক্রিকেটাররা তো ঈদের ছুটি কাটাতে যাঁর যাঁর বাড়িতে যাচ্ছেন, ম্যাককালাম-টেলররা যাবেন কোথায়?
কোথাও না। আগামী কয়েকটা দিন হোটেলবন্দী হয়ে থাকারই পরিকল্পনা তাঁদের। ১৭ অক্টোবর কেউ কেউ গলফ খেলতে যাবেন, দল বেঁধে কোথাও ডিনার-টিনারও করতে যেতে পারেন। নইলে ঈদের ছুটিতে একদমই ঘরকুনো হয়ে থাকার ইচ্ছা নিউজিল্যান্ডের। হোটেল রুম, জিমনেসিয়াম, সুইমিংপুল—এর বাইরে কিছু করার আপাতত কোনো পরিকল্পনা নেই ম্যাককালামদের।
কাল সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে বিকেলে হোটেলেই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। প্রথম টেস্ট শেষ হওয়ার এক দিন পরও সোহাগ গাজীর বন্দনা তাঁর কণ্ঠে, ‘পঞ্চম দিনে সে অনেকগুলো সুযোগ তৈরি করেছে, এটাই প্রমাণ করে, সে চাপ ধরে রাখতে সক্ষম। আমি মনে করি, টেস্টটা যদি আরও চলতে থাকত, সে আরও ভালো করত। এটা তো দারুণ এক পারফরম্যান্স।’
হেসনের প্রশংসা জুটেছে ১৮১ রান করা মমিনুলেরও, ‘আমাদের কাছে তার তেমন ভিডিও ফুটেজ ছিল না। তাকে পরিকল্পনা অনুযায়ী বলও করতে পারিনি, ভাগ্যের ছোঁয়াও সে কিছুটা পেয়েছে। তবে সে সত্যিই খুব ভালো খেলেছে। টেস্ট ম্যাচে ১৮০ করাটা চাট্টিখানি কথা নয়।’
তার পরও চট্টগ্রাম টেস্টের ফলাফলে হতাশ নন হেসন, ‘টেস্টের ফলাফল নিয়ে আমি খুশি। এমন উইকেটে এর চেয়ে বেশি কিছুর আশা না করাই ভালো।’
২১ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজ জয়টা ওই ম্যাচেই নিশ্চিত করতে চান হেসন, ‘চট্টগ্রামে সম্ভব হয়নি। তবে ঢাকার উইকেটে অনেক কিছু করা সম্ভব। আশা করছি, দ্বিতীয় টেস্টে খেলোয়াড়েরা সেটা পারবে। এই টেস্টে নতুন করে শুরু করতে চাই আমরা।’
প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন আর বিজে ওয়াটলিংয়ের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ। তাঁদের কথা আলাদা করেই বললেন কাল, ‘অনেক উন্নতি করেছে ওরা।’