হতাশ পাকিস্তান ক্ষুব্ধও
পাকিস্তান তৈরিই ছিল। আসন্ন সিরিজের সফল আয়োজন নিয়ে তোড়জোড় করছিল পিসিবি। এমন সময় বজ্রপাতের মতো এল খবরটা—বাংলাদেশ আবারও স্থগিত করেছে এই সফর। বিনা মেঘে বজ্রপাত অবশ্যই নয়। তবে পিসিবির বক্তব্য শুনে মনে হচ্ছে, আশঙ্কার মেঘ থাকলেও বিসিবির আশ্বাসে সংক্ষিপ্ত এই সফরের ব্যাপারে আশাবাদীই ছিল পাকিস্তান। বিশেষ করে, বিসিবি ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি যৌথ দল দেশটির নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর পিসিবি মনে করেছিল, সফরটা হবে।স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্ষুব্ধ। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের খেলোয়াড়দের বিপিএলে অংশ নিতে পিসিবি বাধা দেবে না—বিবৃতিতে পিসিবি এই দাবি করেছে। যদিও দেশটির প্রভাবশালী দৈনিক ডন একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পিসিবি পাকিস্তানি খেলোয়াড়দের চাপ দিচ্ছে, তাঁরা নিজেরাই যেন সরে যান বিপিএল থেকে।বিবৃতিতে শুরুতেই নিজেদের হতাশার কথা বলেছে পিসিবি। দাবি করেছে, নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে ঠিক করেনি বাংলাদেশ, ‘এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা-পরিস্থিতির কথা বলাটা ঠিক হয়নি। সম্প্রতি করাচি ও রাওয়ালপিন্ডিতে অনেক ক্রিকেট-সংশ্লিষ্ট আয়োজন ছিল, যেগুলোতে অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ও অংশ নিয়েছে। কোনো নিরাপত্তাজনিত সমস্যা ছাড়াই সফলভাবে সেসব হয়েছে। এর থেকেই বোঝা যায়, পাকিস্তানে যেকোনো আন্তর্জাতিক দলের সফরের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।’ক্ষোভের কারণ ব্যাখ্যা করেছে পিসিবি, ‘সবচেয়ে বড় কথা, বিসিবি এবং বাংলাদেশ সরকারের একটি দল যৌথভাবে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে এসে পূর্ণ সন্তুষ্টি নিয়েই ফিরে গিয়েছিল। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে বিসিবির সভাপতির উচিত হবে আগে ওই দলের প্রতিবেদন পড়ে দেখা।’বিপিএলে খেলোয়াড়দের অংশ নেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হবে না বলেই বিবৃতিতে জানানো হয়েছে। গতবার আদালতের নির্দেশে সফর স্থগিত হওয়ার পরও পিসিবি বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশ নিতে দিয়েছিল উল্লেখ করে বলা হয়েছে, ‘পিসিবি প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করতে জানে। অবশ্য এবার খেলোয়াড়দের ছাড়ার আগে তাদের ব্যস্ততা দেখা হবে। যদিও খেলোয়াড়দের ছাড়া না-ছাড়ার সঙ্গে বাংলাদেশের এই সফর না করার কোনো সম্পর্ক নেই।’বিপিএল থেকে পাকিস্তানি খেলোয়াড়েরা ভালোই আয় করেন। এ কারণে খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী। কিন্তু ডন লিখেছে, পিসিবি চাইছে খেলোয়াড়েরা নিজেরাই বিপিএল থেকে সরে আসার ঘোষণা দিক। ওয়েবসাইট।