হতাশ-বিধ্বস্ত ইংলিশ ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় হার-জিত থাকবেই। জয়ী দল ভাসবে আনন্দ-বন্যায় আর হার-মানা দল শোকে। বাস্তবতা এটাই। ইতালির কাছে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় শোকাহত ইংল্যান্ড। তবে হারটা পেনাল্টি শুট-আউটে হয়েছে বলে কষ্ট একটু বেশিই হচ্ছে ইংলিশ ফুটবলারদের।টাইব্রেকারে কপাল পোড়ার অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য নতুন নয়, বেশ পুরোনো। ১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ এবং ১৯৯৬ ও ২০০৪ ইউরো—গত ২২ বছরে পাঁচবার বড় টুর্নামেন্টে ইংলিশদের স্বপ্নভঙ্গ হয় টাইব্রেকার-বিভীষিকায়। সেই টাইব্রেকারেই গতকাল হারল ইংল্যান্ড (৪-২)। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ইংলিশ ফুটবলাররা।ম্যাচ শেষে সরাসরি টাইব্রেকার-ভাগ্যকেই দুষলেন ইংল্যান্ডের অধিনায়ক স্টিফেন জেরার্ড। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে তারকা এই মিডফিল্ডার বলেন, ‘খেলোয়াড়েরা নিজেদের উজাড় করেই খেলেছে। আমি মনে করি, টাইব্রেকার-ভাগ্য আমাদের সহায় ছিল না। কিন্তু ইতালি ভাগ্যের সহায়তা পেয়েছে।’জেরার্ড বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। কিন্তু ভগ্ন-হূদয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে আমাদের। টাইব্রেকারে হার মেনে নেওয়া কঠিন।’পেনাল্টি শুট-আউটে নিজেদের দুর্ভাগ্য নিয়ে ‘বিস্মিত’ ওয়েইন রুনি। ইংল্যান্ডের সেরা এই স্ট্রাইকার বলেন, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার আগে লোকে আমাদের নিয়ে তেমন একটা ভাবেনি। কিন্তু আমরা দেখিয়েছি, ইংল্যান্ড ভালো দল। আমি জানি না, পেনাল্টি শুট-আউটে কেন জিততে পারি না আমরা। এভাবে বিদায় মেনে নেওয়াটা কষ্টকর। অথচ বারবার একই ঘটনা ঘটছে।’স্ট্রাইকার থিও ওয়ালকটের প্রতিক্রিয়া, ‘এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের। শুরুতে আমরা গোল পাইনি। ইতালির গোলরক্ষক বুফন দুর্দান্ত কয়েকটা সেভ করেছে। মাঝেমধ্যে ভাগ্য আমাদের সহায় ছিল। তবে আজ রাতে (গতকাল) শেষ পর্যন্ত তা আমাদের সহায় থাকেনি।’নিজেদের টাইব্রেকার-দুর্ভাগ্য তুলে ধরে ড্যানি ওয়েলব্যাক বলেন, ‘বড় টুর্নামেন্টে বারবার একই অভিজ্ঞতা হচ্ছে আমাদের। এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে সেই ছোটবেলা থেকে কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি।’