হতাশ, বিধ্বস্ত মুশফিক

ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে যে চেহারায় এলেন অধিনায়ক মুশফিকুর রহিম, তা থেকেই বুঝে নেওয়া যায় তাঁর মনের অবস্থা। এমন হারের পর অধিনায়ক হিসেবে তিনি আর কীইবা করবেন। চোখের সামনেই তো দেখলেন বাকিদের অসহায় আত্মসমর্পণ। চোখের সামনেই দেখলেন, একটা দল জয়ের অবস্থান থেকে কীভাবে হেরে যেতে পারে। সংবাদ সম্মেলনে এসেই তিনি বললেন, এই হারের জন্য শতভাগ দায়ভার তাঁদেরই।
ক্যাচ ফেলা নিয়ে প্রশ্ন উঠবে সংবাদ সম্মেলনে, প্রস্তুত হয়েই বোধ হয় এসেছিলেন। ব্যাপারটি নিয়ে বিরক্তি থাকলেও অধিনায়কসুলভ স্নেহ তিনি মেলে ধরেছেন ‘অপরাধী’দের ওপর। পুরো ব্যাপারটিকেই তিনি অভিহিত করেছেন শুধুই একটা বাজে দিনের ব্যাপারস্যাপার হিসেবে।
৬৭ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা কীভাবে ১৮০ রান তোলে, এই ব্যাপারটির কোনো ব্যাখ্যা নেই মুশফিকের কাছে। দায় চাপালের ওই ক্যাচ পড়ে যাওয়ার ওপরই। কিন্তু অমন একটি পরিস্থিতিতে দারুণ বোলিং করা সাকিবকে কেন ব্যবহার না করে মাহমুদউল্লাহকে নিয়ে এলেন, এই প্রশ্নের উত্তরে দিলেন কিছু ক্রিকেটীয় ব্যাখ্যা। আরাফাত সানী পেরেরার হাতে মার খাওয়ার পর সাকিবকে ওই ধরনের পরিস্থিতিতে না ফেলতেই নাকি মাহমুদউল্লাহকে আনা। বাঁ হাতি ব্যাটসম্যান ও বাঁ হাতি স্পিনার ভালো খেলে—এই ব্যাপারটিও খুব সম্ভবত মুশফিককে বাধ্য করেছে, সাকিবকে না এনে মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনার বিষয়টি ভাবতে।
ব্যাটিং নিয়ে চরম হতাশ মুশফিক। নিজে টিকে ছিলেন প্রায় শেষ পর্যন্ত। জয়ের জন্য খুব অল্প রান বাকি থাকতে তিনি ফিরে গেছেন অদ্ভুত এক শটে। তিনি নিজেও জানেন, এ ধরনের শট তিনি সচরাচর খেলেন না। তার পরও কেন ব্যাট চালনার এই কেতা! বাড়তি কথায় গেলেন না। কী একটা পরিকল্পনার কথা যেন বললেন! সেই ক্রিকেটীয় ব্যাপারস্যাপার। আক্ষেপ করলেন সেই পরিকল্পনা কার্যকর না হওয়ার।
কেন যেন বাংলাদেশেরই পরিকল্পনার ‘পরি’ আকাশে উড়ে যায়, ‘কল্পনা’গুলো থেকে গিয়ে সবার আক্ষেপ বাড়িয়ে তোলে! আজ বোধ হয় ক্রিকেটে সে ধরনের একটি পরিস্থিতিতেই পড়েছিল বাংলাদেশ দল।