হতাশ মিসবাহর নতুন চ্যালেঞ্জ
সরিয়ে দেওয়ার আগে তাঁকে নিজে থেকেই সরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে পিসিবি। আনুষ্ঠানিকভাবে ঘোষণার সংবাদ সম্মেলনেও ছিলেন নতুন অধিনায়কের পাশে। তবে পুরো ব্যাপারটায় মর্মাহত মিসবাহ-উল-হক। দল থকে বাদ পড়লেও অবসর নিচ্ছেন না আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। চালিয়ে যাবেন টি-টোয়েন্টি দলে ফেরার লড়াই!সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা যে আসলে নিতে বাধ্য হয়েছেন, সেটা পরিষ্কার মিসবাহর প্রতিক্রয়াতেই, ‘এটা নির্বাচক ও বোর্ডের সিদ্ধান্ত। তবে আমি বিশ্বাস করি, আমি এখনো টি-টোয়েন্টি খেলে যেতে পারি এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলে যাব। নির্বাচকেরা যদি কখনো মনে করেন টি-টোয়েন্টি দলে আমাকে আবার প্রয়োজন, আমি রাজি আছি।’এক টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছিল মিসবাহর। বাদ পড়লেন আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। যেটা তাঁর জন্য একটা সতর্ক সংকেতও। একরকম শেষের ডাক শুনিয়ে দেওয়া। কিন্তু এ মাসেই ৩৮ পূর্ণ করতে যাওয়া মিসবাহ সেই ডাক মোটেও শুনতে পাচ্ছেন না, ‘টেস্ট ও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখনো আমার, এই চ্যালেঞ্জ কম কঠিন নয়। আমাকে মনোযোগ ধরে রাখতে হবে। আমার মনে হয় না টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া আমার মনোযোগ ব্যাহত করতে পারে।’ নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে শুভেচ্ছাও জানিয়েছেন সদ্যবিদায়ী অধিনায়ক, ‘হাফিজ পরীক্ষিত ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা আছে, ভালোও করেছে। ওর প্রতি আমার শুভকামনা থাকল।’ পূর্বসূরির প্রতি সম্মান জানিয়ে হাফিজ বলেছেন গর্বের কথা, ‘দেশকে নেতৃত্ব দেওয়া যে কারও জন্য সবচেয়ে সম্মানের ব্যাপার। চ্যালেঞ্জটা অনেক বড়, তবে আমি আশাবাদী। মিসবাহ আমার দেখা সেরা অধিনায়কদের একজন। আশা করি টেস্ট ও ওয়ানডেতে ওর ডেপুটি হিসেবে আমি অনেক কিছু শিখব, যা আমাকে আরও সমৃদ্ধ করবে।’ ওয়েবসাইট।