হতাশ মেক্সিকো, আশায় দক্ষিণ আফ্রিকা
‘হার’ শব্দটার সঙ্গে দু দলেরই দেখা নেই অনেক দিন। টানা আট মাস হারেনি দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো হারেনি সর্বশেষ ১২ ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষেও টিকে থাকল দু দলের অপরাজিত রেকর্ড। তবে ম্যাচ শেষে দু দেশের প্রতিক্রিয়াটা দু রকম। মেক্সিকানরা বেশ হতাশ, হতাশ কার্লোস আলবার্তো পাহেইরা বাহিনীও, তবে আবার ঠিক অসন্তুষ্টও নন।গত চারটি বিশ্বকাপে টানা দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়া মেক্সিকোর লক্ষ্য এবার ন্যূনতম কোয়ার্টার ফাইনাল। কিন্তু পরশুর ড্রয়ে কঠিন হয়ে গেল দ্বিতীয় রাউন্ডটাই। বাস্তবতাটা জানেন হাভিয়ের আগুরিও, মেক্সিকো কোচ তাই বুঝতে পারছেন দলের পরবর্তী করণীয়, ‘শেষ ষোলোতে যেতে হলে আমাদের আরও গোল করতে হবে। আমরা আত্মবিশ্বাসী, পরের ম্যাচ দুটো আমরা জিতব। আজ (পরশু) আমরা জিততে পারিনি, তবে ফ্রান্সকে আমাদের হারাতেই হবে।’ পরশু প্রথম মিনিট থেকেই স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল তারা, নিয়ন্ত্রণ করেছে প্রথমার্ধের প্রায় পুরোটাই। তার পরও প্রথমে গোল হজম করতে হয়েছে, রক্ষা পেয়েছে তারা ডিফেন্ডার রাফায়েল মার্কেজের গোলে। ড্রয়ের জন্য আগুরি দায়ী করেছেন গোল না করতে পারার ব্যর্থতাকে, ‘প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। দক্ষিণ আফ্রিকার গোলকিপার অসাধারণ খেলেছে, তবে আমরাও অনেক সুযোগ হাতছাড়া করেছি।’ পরশু অনেকবার দক্ষিণ আফ্রিকার ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়া জিওভানি ডস সান্টোস জানাচ্ছেন, এমন আক্রমণাত্মকই খেলে যাবেন তাঁরা, ‘দলের মানসিকতা এমনই থাকবে, আশা করি আমরা ফ্রান্সকে হারাতে পারব।’ম্যাচ শেষে তাত্ক্ষণিকভাবে হতাশ দেখাচ্ছিল দক্ষিণ আফ্রিকানদের। হয়তো প্রথমে এগিয়ে গিয়েও ধরে রাখতে না পারায়, হয়তো সকার সিটির ৮৪ হাজার ৪৯০ দর্শকের বেশির ভাগকে পুরো তৃপ্তি দিতে না পারায়। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ পাহেইরা ও তারকা মিডফিল্ডার স্টিভেন পিনারকে বেশ সন্তুষ্টই মনে হলো। দু দলের সামর্থ্যের কথা ভেবেই সন্তুষ্ট পাহেইরা, ‘প্রথম ম্যাচ সব সময়ই খুব চাপের, পরশুও এর ব্যতিক্রম ছিল না। আমাদের দলের প্রায় সবাই দেশের ক্লাবে খেলে। এত বড় উপলক্ষে ওরা অভ্যস্ত নয়। তবে আমি বিশ্বাস করি, সবাই এখন মানিয়ে নিয়েছে। ফলাফল হয়তো প্রত্যাশামতো হয়নি, কিন্তু এটা তো অন্তত নিশ্চিত শেষ ম্যাচ পর্যন্ত আমাদের আশা টিকে থাকছে।’কোচের মতো সন্তুষ্ট পিনারও, ‘সব মিলিয়ে আমি খুশিই। প্রথম মিনিট বিশেক আমার নার্ভাস ছিলাম, কারণ এক মোকোয়েনা ছাড়া বিশ্বকাপ অভিজ্ঞতা নেই আমাদের আর কারও। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি আমরা, আমার তো মনে হয় আমাদের গর্বিত হওয়া উচিত।’ এএফপি।