হতাশ মেসি, গর্বিত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাভেজ্জি, ডি মারিয়া, মেসি, মাচেরানো—আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের চার অগ্রণী সেনা। এই ছবিটা মেসি নিজে দিয়েছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে।
লাভেজ্জি, ডি মারিয়া, মেসি, মাচেরানো—আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের চার অগ্রণী সেনা। এই ছবিটা মেসি নিজে দিয়েছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে।

লিওনেল মেসির জন্য ব্রাজিল বিশ্বকাপ ছিল মহানায়ক হওয়ার মঞ্চ। সে পথে অনেকটা এগিয়েও পারলেন না শিরোপা হাতে তুলতে। মেসি তাই একই সঙ্গে হতাশ এবং গর্বিত। হতাশ এই অর্থে, এত কাছে গিয়েও ​ট্রফি জেতা হলো না। অন্যদিকে গর্বিত হওয়ারও কারণ আছে। ২৪ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলল, এটাও তো কম নয়!

বার্সেলোনা তারকা অবশ্য হতাশার কথাই আগে বলছেন, জার্মানির কাছে ওভাবে হেরে যাওয়া ‘খুবই দুঃখের’। যে দুঃখ আসলে সহজে মুছে যাবে না। ফাইনালে গোল করার পরিষ্কার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ মেসির সঙ্গে তাঁর কোটি কোটি ভক্তের মনে গেঁথে আছে।

হতাশা একপাশে রাখলে দেশের মানুষের এত ভালোবাসা, এত সমর্থন পেয়ে অভিভূত মেসি। রানার্সআপ হয়ে দেশে ফেরার পর থেকেই দেশবাসীর কাছ থেকে অভিনন্দন, সংবর্ধনার জোয়ারে ভাসছেন। নিজের ফেসবুকে মেসি তাই পাল্টা অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে যে সমর্থন পাচ্ছি, সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

দেশবাসীকে মেসি দিচ্ছেন শিরোপার প্রতিশ্রুতিও! আগামী বছর দেশবাসীকে শিরোপার আনন্দে ভাসানোর সুযোগ আছে। ২০১৫ সালে চিলিতে বসছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর—কোপা আমেরিকা। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ-হতাশা ভুলে মেসির চোখ এখন কোপার দিকেই।

মেসি এখনই প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্বকাপের মতো দায়বদ্ধতা নিয়ে কোপায় খেলার, ‘দল নিয়ে পুরো দেশকে আবার রোমাঞ্চিত হতে দেখাটা সত্যিই অসাধারণ। এখন আমাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ। ওই টুর্নামেন্টেও আমাদের একই অঙ্গীকার নিয়ে মুখোমুখি হতে হবে। সবাইকে ধন্যবাদ।’

মেসি বিশ্বকাপ স্মৃতি পেছনে ফেলে সামনে তাকাতে চাইছেন বটে, কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছেই। শুধু এই বিশ্বকাপেই নয়, গত মৌসুমে বার্সেলোনার হয়েও মেসি ঠিক চেনা রূপে ছিলেন না। কেন? একটা উত্তর খুঁজে বের করেছেন গুইলেম বালাগ, যিনি মেসিকে নিয়ে প্রকাশিত মেসির বইটির লেখক। স্কাই স্পোর্টসের এই স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞের মতে, পেপ গার্দিওলা ও টিটো ভিলানোভার সময় মেসিকে খেলানো হতো প্রতিপক্ষের বক্স থেকে ২০ মিটার ওপরে। এতে তিনি মাঠে দৌড়াতেন বেশি। অন্য এক পরিসংখ্যান বলছে, গার্দিওলা-ভিলানোভাদের সময় মেসি সতীর্থদের কাছ থেকে অনেক বেশি পাস পেতেন। তুলনায় গত মৌসুমে জেরার্ডো মার্টিনোর অধীনে বার্সেলোনায় কিংবা জাতীয় দলের হয়ে বিশ্বকাপে সতীর্থরা ততটা পাস দিতে পারেননি। মেসিও তাই অনেকটা সময় মাঠে নিঃসঙ্গ হাঁটাহাঁটি করেছেন!

এর পরও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসিই। ডিয়েগো ম্যারাডোনাসহ অনেকেই অবশ্য এতে অবাক। তাঁরা সরাসরি বলেছেন, এই পুরস্কার মেসির প্রাপ্য নয়। তবে পুরস্কারটি দেওয়ার দায়িত্ব ছিল যাদের ওপর, ফিফার সেই টেকনিক্যাল কমিটি ব্যাখ্যা দিয়ে বলেছে, পুরস্কারটি মেসিরই প্রাপ্য ছিল। ​

মেসি নিজে বিশ্বকাপ জিতলেই ​বেশি খুশি হতেন। গোল্ডেন বল তো ট্র​ফি জয়ের তৃপ্তি এনে দিতে পারে না! এএফপি ও বিদেশি পত্রপত্রিকা অবলম্বনে।