হতাশ হয়ে পড়েছিলেন রুনি!

তাঁর আসল কাজ গোল করা। কিন্তু গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেটিই যখন করতে পারছিলেন না, ওয়েনই রুনির হতাশার কারণটা তো বোঝাই যায়। একটা কারণ হতে পারে, রুনিকে স্ট্রাইকার হিসেবেই যে খেলানো হচ্ছিল না!
মন্টেনেগ্রোর সঙ্গে গতকাল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল ইংল্যান্ডের। এই ম্যাচে রুনির খেলার কথা। তার আগে নিজের দলে গত মৌসুম থেকে বয়ে বেড়ানো পাথরচাপা কষ্টটা মন খুলে প্রকাশ করলেন, ‘আমাকে একটা সময় নিজের ক্যারিয়ারের জন্য কিছুটা স্বার্থপর হতেই হতো। ক্লাবের সবাই জানত আমি কোথায় খেলতে চাই। কিন্তু সেটা হচ্ছিল না। নিজের পজিশনের বাইরে খেলা নিয়ে আমার আগে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি একজন ফরোয়ার্ড। নিজের পজিশনে খেলতে পারাটা আমি অধিকারই মনে করি।’
ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েস নন, রুনির কাঠগড়ায় স্যার অ্যালেক্স ফার্গুসন। গত মৌসুমে রবিন ফন পার্সিকে কেনার পর রুনি হয়ে পড়েন ইউনাইটেডের আক্রমণে ‘দ্বিতীয় পছন্দ’। শেষ পর্যন্ত পুরো মৌসুমই ঢাকা ছিলেন ফন পার্সির ছায়ায়। ২২ ম্যাচে মাত্র ১২ গোল, রুনির মতো স্ট্রাইকারের নামের পাশে এটা বেমানানই!
এরপর হয়ে গেছে অনেক কাণ্ড। চেলসিতে চলে যাচ্ছেন, যেটিকে একরকম ভবিতব্যই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত থেকে গেছেন ইউনাইটেডেই। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে করেছেন ৩ গোল, হয়তো বলার মতো নয়। তবে স্বরূপে ফেরার আভাস কিন্তু দিয়ে রেখেছেন রুনি।
এরই মধ্যে ইউনাইটেড ছাড়া নিয়ে কথা বলতে হয়েছে আবার। রুনি জানাচ্ছেন, ‘আমি জানি বাইরে থেকে ব্যাপারটা একটু অন্য রকম মনে হয়েছিল, কিন্তু আমি ক্লাব ছাড়ার কথা ভাবিনি। আমি ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা কী করছেন সেটা আমি জানতাম।’ তাঁর সংযোজন, ‘ডেভিড ময়েস আসার পর আমাকে আবার ওপরের দিকে খেলাচ্ছেন। আমি তা উপভোগ করছি।’
দেখা যাক, ‘নতুন’ রুনি কেমন করেন এবার! এএফপি।