হতাশ হোয়াটমোর-ইউসুফ
তিনি দায়িত্ব নিতেই দল এশিয়া কাপ জিতল ১২ বছর পর। সম্ভাবনা জেগেছিল তিন বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার। মনে হচ্ছিল পাকিস্তান ক্রিকেটে যেন সৌভাগ্য বয়ে এনেছেন ডেভ হোয়াটমোর। কিন্তু স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। হোয়াটমোর তাতে যারপরনাই হতাশ। তবে মোহাম্মদ ইউসুফ তাকাচ্ছেন সামনে। সাবেক অধিনায়কের পরামর্শ, পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হোক সাবেক ক্রিকেটারদের।বাংলাদেশ সিরিজটা না হওয়ায় ছুটিতে যাওয়ার কথা ছিল হোয়াটমোরের। কিন্তু মে মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর বলে ছুটিটা নেননি হোয়াটমোর। লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করছেন কয়েকজন জাতীয় ও উঠতি ক্রিকেটারের সঙ্গে। বাংলাদেশের সিদ্ধান্তে হতাশা জানালেন সাবেক বাংলাদেশ কোচ, ‘এই সিরিজটার জন্য আমি মুখিয়ে ছিলাম, দলকে পাকিস্তানের মাটিতে খেলতে দেখতে চেয়েছিলাম। তবে এখন আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে।’সাবেক অধিনায়ক আমির সোহেল পিসিবিকে পরামর্শ দিচ্ছেন আবার নতুন করে কাজ শুরু করতে, ‘বাংলাদেশের পিছু হটে যাওয়া সত্যিই হতাশাজনক ও দুঃখজনক। তবে বোর্ডের উচিত এখন নতুন করে একটি দল গড়ে তোলা, যারা অন্য দলগুলোকে পাকিস্তান সফরে রাজি করাতে কাজ করবে।’হতাশ আরেক সাবেক অধিনায়ক ইউসুফও। তবে পিসিবির জন্য একটি পরামর্শ আছে তাঁরও, ‘তিন বছর ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়াটা হতাশাজনক। নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের দেখতে মুখিয়ে আছেন আমাদের ক্রিকেটপ্রেমীরা। পিসিবির আশা ছাড়া উচিত হবে না, পাকিস্তান সফরে অন্য দলগুলোকে রাজি করাতে কাজ করে যেতে হবে তাদের। আমি মনে করি, পিসিবির উচিত সাবেক ক্রিকেটারদের ক্রিকেটদূত হিসেবে কাজে লাগিয়ে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলা। ২০০৯ সালে যা হয়েছে এরপর কাজটা খুব কঠিন, এই বাস্তবতা বুঝতে হবে। সবাইকে তাই একসঙ্গে কাজ করতে হবে।’ ওয়েবসাইট।