
সাইক সিজার কি শেষ পর্যন্ত পারবেন ইনচন এশিয়াডে বাংলাদেশের পতাকা ওড়াতে? মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট দল কি আবারও এনে দিবে কাঙ্ক্ষিত সোনা! কাবাডির কোর্ট থেকে কি আসবে কোনো সুখবর?
এশিয়ান গেমসের বিশাল আয়োজনে বাংলাদেশ একটি বিন্দু মাত্র। তার পরও সাফল্যের স্বপ্নটা এখনো জীবন্ত ওই কয়টা ইভেন্টকে ঘিরেই। সঙ্গে অবশ্য শ্যুটিংও ছিল। হ্যাঁ, ছিলই বলতে হচ্ছে। কারণ শ্যুটিং নিয়ে স্বপ্নের অপমৃত্যু ঘটে গেছে কাল ইনচনের ওংনিয়ন ইন্টারন্যাশনাল শ্যুটিং রেঞ্জে। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের স্বপ্নের ধারক আবদুল্লাহ হেল বাকি সেরা আটেই উঠতে পারেননি! ৬১৯.৬ পয়েন্ট নিয়ে ৫৩ জনের মধ্যে হয়েছেন ১৫তম। এই ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী মোহাম্মদ জসীমুজ্জামান ৬১৩.৮ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে, ৬০৬.৫ পয়েন্ট নিয়ে মাহমুদুল হাসান ৪৫তম। দলীয়ভাবে ১৫টি দলের মধ্যে বাংলাদেশ হয়েছে দশম।
বাছাইয়ে ৬২৯.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হলেও ফাইনালে ২০৯.৬ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের হাওরান ইয়াং। একই দেশের ইয়েফি চিয়াও ২০৮.৯ পয়েন্ট নিয়ে রুপা এবং ভারতের অভিনব বিন্দ্রা ১৮৭.১ পয়েন্ট নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
বাকির জন্য সবচেয়ে মন খারাপ করার মতো ব্যাপার হলো, তিনি ছুঁতে পারেননি গত কমনওয়েলথ গেমসে করা নিজের স্কোরটাও। গ্লাসগোর বাছাইপর্বে ৬২০ পয়েন্ট নিয়ে উঠেছিলেন ফাইনালে। সেখানে বিন্দ্রার কাছে হেরে জেতেন রুপা। কমনওয়েলথ গেমসের তুলনায় এশিয়াড বড় মঞ্চ সন্দেহ নেই। তাই বলে নিজের করা পারফরম্যান্সটাই ছুঁতে পারবেন না!
প্রশ্নটা নিজেকে নিজেই করছেন বাকি। কিন্তু উত্তর জানা নেই তাঁরও, ‘আমারও ধারণা ছিল ৬২৩-৬২৪ স্কোর করতে পারলে ফাইনালে খেলা যাবে। সেখানে ৬২২ করেই ফাইনালে খেলেছে! আমার আফসোসটা তাই আরও বেড়ে যাচ্ছে। ৬২২-এ ফাইনাল খেলছে, সেখানে আমি নেই! ভাবিনি এতটা খারাপ হবে।’ কেন খারাপ হলো, ব্যাখ্যা নেই সেটিরও। শু৵টিং রেঞ্জে দাঁড়িয়েই বলছিলেন, ‘সমস্যা তো আমিও খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে হয়তো আমি নিজেই এর সমাধান করতে পারতাম।’
খুব বড় কিছু করে ফেলার স্বপ্ন নিয়ে ইনচনে আসেননি বাকি। কাল নিজেই বলছিলেন, ‘আমার টার্গেট ছিল প্র্যাকটিসে যে পারফরম্যান্সটা করেছি, এখানেও যেন সেটা ধরে রাখতে পারি। এখানে আসার পরও অনুশীলনে আমার ৬২৫ থেকে ৬২৬-৬২৭ পর্যন্ত স্কোর হয়েছে। আমি চিন্তা করছিলাম, যদি অন্তত ৬২৩-৬২৪ও মারা যায়, তাহলে হয়তো ফাইনালে খেলতে পারব। আমার ফাইনালে খেলা উচিত ছিল। কিন্তু ভাগ্য খারাপ।’
নিজেকে নিয়ে বাকির বড় কোনো আশা না থাকলেও তাঁর কাছে অন্যদের প্রত্যাশা তো ছিলই। কমনওয়েলথ গেমসে ব্যর্থদের এশিয়াড থেকে ছেঁটে ফেলা হলেও বাকির কারণে একমাত্র ব্যতিক্রম ছিল শ্যুটিং। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বড় আশা নিয়েই তাকিয়ে ছিল শু৵টিংয়ের দিকে। বিদেশি কোচের অধীনে রেখে যে সাত মাস ধরে অনুশীলন চলল, তা নিশ্চয়ই ১৫, ৩২ ও ৪৫তম হওয়ার জন্য নয়!
পদক তালিকা
সোনা রুপা ব্রোঞ্জ
চীন ৪০ ২১ ২০
দক্ষিণ কোরিয়া ১৮ ১৯ ২১
জাপান ১৬ ২২ ২২
কাজাখস্তান ৪ ৪ ১০
উত্তর কোরিয়া ৩ ৪ ৭
মঙ্গোলিয়া ৩ ৩ ৬
মালয়েশিয়া ২ ২ ২
চীনা তাইপে ২ ১ ৫
মিয়ানমার ২ ০ ০
ভিয়েতনাম ১ ২ ৯
ইরান ১ ২ ১
কুয়েত ১ ২ ০
হংকং ১ ১ ৯
ভারত ১ ১ ৯
থাইল্যান্ড ১ ০ ৫
*শুধু সোনাজয়ী দেশ