হতাশা দিয়ে শুরু বাংলাদেশের
পরশু গ্লাসগোতে হয়ে গেল কমনওয়েলথ গেমসের উদ্বোধন। কাল মাঠের লড়াইয়ে নেমে পড়েছেন অ্যাথলেটরা। প্রথম দিনেই বাংলাদেশের খেলোয়াড়েরা নেমে পড়েছেন টেবিল টেনিস, সাইক্লিং, সাঁতার ও ভারোত্তোলনে। শুরুতেই টেবিল টেনিসের পুরুষ দলগত লড়াইয়ে বাছাইপর্ব পার হতে পারেননি বাংলাদেশের মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী ও মোহাম্মদ জাভেদ। নাইজেরিয়ার কাছে ৩-০-তে হার।
দ্বৈতে মাহবুব বিল্লাহ ও জাভেদ ১১-৬, ১১-৬, ১১-৫ পয়েন্টে হেরেছেন নাইজেরিয়ার প্রতিপক্ষের কাছে। এককে মাহবুব বিল্লাহ ১১-৮, ১১-৩, ১১-৭ পয়েন্টে ও মানস চৌধুরী ১১-১, ১১-৩, ১১-৫ পয়েন্টে হেরেছেন।
সাঁতারে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৫ জনের মধ্যে ২৬তম হয়েছেন মাহফুজা খাতুন। এসএ গেমসের রুপাজয়ী সময় নিয়েছেন ৩৫.৮৮ সেকেন্ড। সাইক্লিংয়ের পুরুষ স্প্রিন্টে ২৮ জনের মধ্যে ২৭তম বাংলাদেশের সাইক্লিস্ট ইফতেখার আলম। সময় নিয়েছেন ১৪.১৫ মিনিট। ২৮তম তারিকুলের সময় ১৪.২০ মিনিট।
মেয়েদের ভারোত্তোলনে ৪৮ কেজিতে স্ন্যাচে ব্যক্তিগত সেরা নৈপুণ্য দেখিয়েছেন মোল্লা সাবিরা সুলতানা। তুলেছেন সর্বোচ্চ ৬৮ কেজি। তবে মোট ১৪২ কেজি তুলে এই ইভেন্টে হয়েছেন ষষ্ঠ। আজ মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলে লড়বেন বাংলাদেশের শ্যুটাররা।