ফেডারেশনের বারান্দায় হতাশ মুখে ঘোরাঘুরি করছিলেন মাদারীপুরের খেলোয়াড় সাব্বির, রাহাত, আফজাল। ছয় ঘণ্টার ভ্রমণক্লান্তি শেষে ঢাকায় এসে পরশু রাতে উঠেছেন ফেডারেশনের ডরমিটরিতে। জাতীয় যুব হকির ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তাঁরা। স্বপ্নপূরণে মাদারীপুর জেলা স্টেডিয়ামে প্রায় আড়াই মাস অনুশীলন করেছেন এই তরুণেরা। কিন্তু কাল তাঁদের সব স্বপ্ন শেষ প্রথম ম্যাচেই। মওলানা ভাসানী স্টেডিয়ামে মাদারীপুর ২-০ গোলে হেরেছে কুমিল্লার কাছে। নকআউট টুর্নামেন্টে প্রথম ম্যাচে হার মানেই বিদায়।
এমনিতেই ঢাকার বাইরে হাতে গোনা কয়েকটি বাদে বাকি জেলায় হকি লিগ হয় না। যুব হকির জন্য খেলোয়াড় খুঁজতে শুরুর দিকে তাই গলদঘর্ম অবস্থা হয়েছিল মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার। তবে শেষ পর্যন্ত কিছু আগ্রহী তরুণ পাওয়া গেছে, যাঁদের বেশির ভাগই স্কুল ও কলেজের ছাত্র। এত দিন এই ছেলেরা ঘাসের মাঠে অনুশীলন করেছেন, ঢাকায় নীল টার্ফে
চেয়েছেন গোটা কয়েক ম্যাচ খেলতে। কিন্তু নকআউট পদ্ধতি তা হতে দিল কই!
৩৯টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৫ জানুয়ারি থেকে। এরই মধ্যে এক ম্যাচ খেলেই বিদায় নিয়েছে টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, মেহেরপুর, বরিশাল। অথচ অনেক ঝক্কি পেরিয়েই দলগুলো এসেছিল ঢাকায়। সেটি মনে করিয়ে দিয়ে মাদারীপুরের অধিনায়ক আফজাল হোসেনের কণ্ঠে ঝরে পড়ল বেশি ম্যাচ খেলার আকুতি, ‘এই টুর্নামেন্টটা লিগভিত্তিক খেলা হলেই ভালো হতো। এখানে এক ম্যাচ হেরেই বিদায় নেওয়া আমাদের জন্য কষ্টের। অথচ আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলাম।’
ভ্রমণক্লান্তি দূর না হতেই মাঠে নেমে সেরাটা দিতে পারেননি তাঁরা। তা ছাড়া এবার দলে অনেক নতুন খেলোয়াড়। সব মিলিয়ে কিছু বুঝে ওঠার আগেই হেরে গেছে মাদারীপুর। আফজাল দুঃখ করেন, ‘সতীর্থদের জন্য কষ্ট লাগছে। কিন্তু কিছু করার নেই। ফেডারেশন এমন দায়সারা টুর্নামেন্ট করলে আমরা খেলার কি আর উৎসাহ পাব!’ মাদারীপুরের কোচ এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় শহীদুল্লাহ টিটুরও একই কথা, ‘এমন একটি টুর্নামেন্টে আরও বেশি ম্যাচ পাওয়া উচিত দলগুলোর। কিন্তু এখানে তা মোটেও হচ্ছে না।’
নকআউট খেলা নবীনদের হকির প্রতি বিমুখ করতে পারে বলছেন অনেকেই। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক কী বলেন? তিনিও সত্যটা মানছেন। তবে মনে করিয়ে দিলেন ফেডারেশনের সীমাবদ্ধতাও, ‘মাত্র এক ম্যাচ খেলে কোনো দলের সামর্থ্য বিচার করা সম্ভব নয়। কিন্তু আমাদের কিছু করার নেই। এবার তহবিল সংকট আছে। এর আগে স্পনসর প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক দিত ১৫ লাখ টাকা। এবার অঙ্কটা নেমে এসেছে ১০ লাখে।’
সমস্যা আছে। কিন্তু এটাও সত্য, টাকা সংগ্রহ করে খেলোয়াড়দের বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার দায়িত্ব তো ফেডারেশনেরই।