হতাশা নেমেছে পাকিস্তানে
এক দিন আগেই খবর এসেছিল, পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। কাল এল হতাশার খবর। বাংলাদেশের সফর ঘিরে অনেক স্বপ্ন ছিল পিসিবির। পিসিবি কর্তাদের বিশ্বাস ছিল, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে অন্যান্য দেশও সফরে উৎসাহী হবে। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞায় সফর বাতিল হওয়ায় যারপরনাই হতাশ পাকিস্তান। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ তো অন্যকিছুরও ইঙ্গিত পাচ্ছেন এতে!গতকালই আইসিসির কাছে ৭০ পৃষ্ঠার একটা নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছিল পিসিবি। পরিকল্পনায় ছিল বাংলাদেশ দলের জন্য প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা, হোটেল থেকে দলকে মাঠে নিয়ে যাওয়ার সময় দুই হাজার পুলিশ, আর খেলার সময় মাঠে ১২০০ পুলিশ মোতায়েন রাখা। আজ সংশ্লিষ্ট সব নিরাপত্তা এজেন্সির একটি বৈঠকও ডেকেছিল পিসিবি। একটি ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, দাম রাখা হয়েছিল ২০০ থেকে ২০০০ রুপির মধ্যে। সব মোটামুটি ভেস্তে গেল!সুবহানের ধারণা, কোর্টে যাওয়ার পেছনে অন্য কোনো স্বার্থ আছে, ‘আইনের সঙ্গে কোনো সম্পর্কই নেই এমন একটি ব্যাপারকে আদালতে নিয়ে যাওয়ায় আমি যারপরনাই বিস্মিত। মনে হচ্ছে, যারা আবেদন করেছে, তাদের অন্য কোনো স্বার্থ আছে, হয়তো বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট-সম্পর্ককে নষ্ট করতে চায়। দ্বিপাক্ষিক একটি সিরিজের পথে এমন প্রতিকূলতা সৃষ্টি করতে দেখাটা পিসিবি, পাকিস্তানের ক্রিকেটামোদী ও বিশ্ব ক্রিকেট সমাজের জন্য হতাশাজনক।’ হতাশা ঝরেছে সদ্য সাবেক কোচ ও সাবেক ওপেনার মহসিন খানের কণ্ঠেও, ‘সফর নিয়ে আলোচনার পুরো সময়টাতেই আমার মনে হয়েছে কিছুটা অনিশ্চয়তা আছে। কিন্তু ঘোষণার পর এভাবে সফর স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে।’ কোনো আশার আলো দেখছেন না সুবহান আহমেদও, ‘বিকল্প আর কোনো পরিকল্পনার সুযোগ আমাদের নেই। দলগুলো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত, এত সংক্ষিপ্ত কোনো সফরের জন্য হঠাৎই কোনো দলকে আনা সম্ভব নয়।’ এএফপি।