হতাশা পেয়ে বসেছে তাঁকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বসূরিদের মতো হতাশার ঘেরাটোপে বন্দী হয়ে পড়েছেন নিকোলা ইলিয়েভস্কিও। জাতীয় ফুটবল দলের মেসিডোনিয়ান কোচের মুখে এখন হাসি নেই।ঘরোয়া মৌসুম শেষ হয়েছে গত ২৫ জুন। পৃথিবীর সব জায়গায় দুই মাসের মধ্যেই নতুন মৌসুম মাঠে গড়িয়েছে। কিন্তু এ দেশে ঘরোয়া মৌসুম শেষে চলছে লম্বা ঘুম। ঘুম ভাঙবে নাকি ডিসেম্বরে সাফ ফুটবলের পর! তা-ও নতুন মৌসুমের নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হয়নি। ছয় মাস বন্ধ ঘরোয়া লিগ। এই যুগে এটি অবিশ্বাস্য!‘২৫ বছর ধরে কোচিং করাচ্ছি। কুড়ি বছর ফুটবল খেলেছি। কিন্তু কোথাও এত লম্বা সময় একটা দেশের ঘরোয়া ফুটবল বন্ধ থাকতে দেখিনি’—ক্রুসিয়ানি, ডিডো, রুবচিচদের উত্তরসূরির মুখে রাজ্যের বিস্ময়। ফেডারেশন ঘরোয়া মৌসুম বন্ধ রেখে ‘জিরিয়ে’ নিচ্ছে, ক্লাবও তাই!ইলিয়েভস্কি কাল বাফুফে ভবনে বসে বলছিলেন, ‘ব্রাদার্সের এক কর্মকর্তাকে বললাম, “অনুশীলন শুরু করছ না কেন?” তিনি বললেন, “এখন না, পরে শুরু করব।” পরে মানে কবে? এভাবে হয় না। ক্লাবের উচিত সারা বছরই অনুশীলন চালিয়ে যাওয়া।’মেসিডোনিয়া জাতীয় দলের সাবেক কোচের আরেকটা উপলব্ধি, ‘খেলা বা অনুশীলন না থাকলে খেলোয়াড়েরা মুটিয়ে যায়। এনামুলকে দেখুন। মোটা হয়ে গেছে। প্রায় সব খেলোয়াড়েরই একই অবস্থা। ব্যক্তিগত অনুশীলন নেই। এই খেলোয়াড়েরা জাতীয় দলকে কী দিতে পারবে?’উত্তরটা সবারই জানা। একে খেলা বন্ধ, তারপর আগামী মৌসুমে বিদেশি না কমিয়ে উল্টো বাড়ানোর পাঁয়তারা চলছে। এখন পর্যন্ত প্রতি ম্যাচে চারজন বিদেশিকে খেলানোর অনুমতি আছে। তবে ম্যাচ প্রতি পাঁচজনকে খেলানো এবং প্রতিটি দলকে ৮ জন বিদেশি নিবন্ধনের সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।দেশের ফুটবলের জন্য একে বিপজ্জনক মনে করছেন ইলিয়েভস্কি, ‘বাংলাদেশ লিগের ১০টি দল ৭ জন করে বিদেশি আনলে ৭০ জন বিদেশি হবে। তাহলে এ দেশের তরুণেরা কোথায় সুযোগ পাবে? আমি ভেবে পাই না। ক্লাবগুলোর উচিত তরুণদের বেশি করে সুযোগ দেওয়া।’আগামীকাল ঢাকায় শুরু এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। বাংলাদেশ দল নিয়ে আশা-নিরাশার দোলায় কোচ, ‘মালেক, ইয়াসিন, ওয়াহেদ, অনিক, সজীব, শাহেদ, তপুরা সম্ভাবনাময়। এরা জাতীয় দলকে দুবার চার গোলে হারিয়েছে। কিন্তু আমার হাতে ভালোমানের খেলোয়াড় আছে ১৩-১৪ জন। আরও দরকার ছিল।’পরক্ষণেই আক্ষেপ ঝরে তাঁর মুখে, ‘এ সম্ভাবনাময় খেলোয়াড়দের ঘরোয়া লিগে খেলতে দিতে হবে। কিন্তু এদের ওপর ক্লাবের নজর কম। ২৫-২৬ বছর হলে যখন নজর দেবে, তখন এরা শেষ!’নিজেই জানতে চান, ‘সৌদি আরব, ওমান, ইরাক, মালদ্বীপের সঙ্গে এএফসির এই টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ?’ প্রশ্ন করে উত্তর দেন—আমি আশা করতে চাই। কিন্তু...।’ বিদেশি দলের বিপক্ষে একটা অনুশীলন ম্যাচ পর্যন্ত আয়োজন করতে পারল না বাফুফে। কোচ মুখে যা-ই বলুন, খুব বেশি আশাবাদী হতে পারছে না।১-১৫ ডিসেম্বর দিল্লিতে সাফ ফুটবল। অন্যরা দেশের বাইরে অনুশীলন ম্যাচ খেলার পাশাপাশি ক্যাম্প করছে। অন্যদিকে বাংলাদেশের কোনো পরিকল্পনাই নেই। ফেডারেশনের আগামী এপ্রিলের নির্বাচন নিয়ে সেখানে বেশি তৎপরতা চলছে! এ অবস্থায় কোচ বলছেন, ‘জাতীয় দল নিয়ে পরিকল্পনা দিয়েছি। বাস্তবায়নের দায়িত্ব ফেডারেশনের। এর বেশি বলব না।’বলে লাভও নেই। পূর্বসূরিদের মতো বুঝে ফেলেছেন ইলিয়েভস্কি!