হতাশা ভুলে বন্ধুর পাশে ম্যাককালাম
ধাক্কাটা সামলাতে ২৪ ঘণ্টার মতো সময় লেগেছে। এর পরই তাঁর মনে হয়েছে, ‘আমার আসল কাজ তো খেলা! অধিনায়কত্ব করা নয়।’ আর এ উপলব্ধিতেই সব রাগ-ক্ষোভ-দুঃখ গলে গেল ব্রেন্ডন ম্যাককালামের। এখন প্রস্তুত বন্ধু রস টেলরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও।নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন টেলরের নিকটতম প্রতিদ্বন্দ্বী, মনে মনে ম্যাককালামও আশায় ছিলেন ড্যানিয়েল ভেট্টোরির উত্তরসূরি হয়তো তাঁকেই করা হবে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট শেষ পর্যন্ত বেছে নিল টেলরকে। সিদ্ধান্ত জানার পর মনটাই ভেঙে গিয়েছিল ম্যাককালামের, ‘মনেপ্রাণে যেটা চাচ্ছিলাম, সেটা না হওয়ায় আসলেই আমি খুব হতাশ হয়ে পড়ি...।’ কিন্তু এ অনুভূতি সাময়িক। রেডিও স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এর পরই বলেছেন, ‘...সবকিছুর পরও আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি রসকে (টেলর) শুভকামনা জানাই এবং অবশ্যই তাঁর পাশে থাকব।’নতুন অধিনায়ক টেলরের সঙ্গে সম্পর্কের সুতোটা বেশ মজবুত বলেই দাবি ম্যাককালামের। অধিনায়কত্ব নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যেরও কোনো অবকাশ দেখছেন না।তবে ম্যাককালাম নিজেই জানিয়েছেন, অধিনায়ক হতে না পারার হতাশা ভুলতে পুরো একটা দিন লেগেছে তাঁর, ‘এ রকম হতাশাজনক পরিস্থিতিতে প্রথম ২৪ ঘণ্টায় আপনার মধ্যে অনেক আবেগ কাজ করবে, অনেক চিন্তা আসবে। মাথা থেকে সব ঝেড়ে ফেলতে আমারও ২৪ ঘণ্টার মতো লেগেছে। উপলব্ধি করেছি, আমারও দলকে অনেক কিছু দেওয়ার আছে।’ আবেগ ঝেড়ে ফেলে ম্যাককালাম এখন আবার আগের বিশ্বাসটাই নিয়ে এসেছেন মনে। বলেছেন, নিউজিল্যান্ডের হয়ে খেলার চেয়ে বড় তাঁর কাছে আর কিছুই নয়।সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ের সঙ্গে পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। এর আগে সহ-অধিনায়ক ঘোষণা না হওয়ারই কথা। তবে যখনই হোক, কোচ জন রাইট, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচসহ নিউজিল্যান্ড ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই ম্যাককালামকেই চাইছেন সহ-অধিনায়ক হিসেবে। সবুজ সংকেত পাওয়া গেছে ম্যাককালামের কাছ থেকেও। প্রয়োজনে সহ-অধিনায়ক হতে রাজি তিনি। ওয়েবসাইট।