হতাশা ভুলে সামনে তাকিয়ে এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল চোখে মাঠ ছেড়েছিলেন প্রথম ম্যাচে। সেই ধাক্কাটা কাটিয়ে উঠে এনামুল হক জয়ের স্বপ্ন আঁকছেন দ্বিতীয় ম্যাচে ।  প্রথম আলো
সজল চোখে মাঠ ছেড়েছিলেন প্রথম ম্যাচে। সেই ধাক্কাটা কাটিয়ে উঠে এনামুল হক জয়ের স্বপ্ন আঁকছেন দ্বিতীয় ম্যাচে । প্রথম আলো

উইকেটেই বজ্রাহতের মতো বসে ছিলেন অনেকক্ষণ। মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। ডুবতে থাকা তরি প্রায় একা টেনেও শেষ পর্যন্ত একটুর জন্য ভেড়াতে পারেননি তীরে। রুদ্ধশ্বাস রান তাড়ার শেষটা হয়েছে হতাশায়। তবে বিষাদমাখা রাত শেষে ঠিকই এসেছে ভোর। ঝলমলে দিনে কাল আবার চনমনে এনামুল হক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন হাসতে হাসতে। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ও মুখে হাসি।
পরশু রাতে টিভি পর্দায়, কাল পত্রিকার পাতায় সবাই দেখেছে তাঁর কান্নার ছবি। সময় তাহলে কান্নাটা ভুলিয়ে মুখে ফিরিয়ে এনেছে হাসি? এনামুলের হাসিমাখা উত্তর, ‘হ্যাঁ, হাসতে না-পারার কিছু নেই। কালকের দিনটা তো চলে গেছে, ফেরত পাওয়ার আর কোনো উপায় নেই। গতকাল নিয়ে ভাবছি না, ভাবছি আগামীকাল কী করা যায়!’
কথা তিনি সব সময়ই ভালো বলেন। সুন্দর করে গুছিয়ে এমনভাবে কথা বলেন যেন মনে হয় প্রশ্নের উত্তরটা মনে মনে সাজিয়েই এসেছিলেন। তবে গতকালকে ভুলে আগামীকাল নিয়ে ভাবা শুধু গুছিয়ে কথা বলার দক্ষতাই নয়, ফুটিয়ে তোলে ইতিবাচক মানসিকতাও। পরশু রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে অশ্রুসিক্ত করলেও একটা রাতের হতাশাকে পাত্তা দিলেন না কাল, ‘জয়ের কাছে চলে গিয়েছিলাম অনেকটাই, শেষ মুহূর্তে পারিনি। খারাপ লেগেছে। তবে হতাশাটা শুধু ছিল ওই সময়ের জন্যই। এরপরে চিন্তা করেছি, যা হবার হয়েছে। মাত্র আমার দ্বিতীয় টি-টোয়েন্টি খেললাম, ভেবেছি আরও ১০টি টি-টোয়েন্টি খেললে কী করব। একটা টি-টোয়েন্টি না হয় বাদই দিলাম!’
তীরে এসে তরি ডোবার নজির ক্রিকেট ইতিহাসে কম নেই। হাতের মুঠো থেকে জয় ফসকে যাওয়ার উদাহরণও অসংখ্য। একটা টি-টোয়েন্টি হারার হতাশা তাই দীর্ঘস্থায়ী হওয়ার কারণ নেই। তার ওপর আবার আরেকটি ম্যাচও চলে এসেছে। তার পরও পরশুর ম্যাচ ঘুরেফিরে আলোচনায় আসছে মূলত দুটি কারণে। একটি ব্যর্থতা, আরেকটি বিতর্ক। ব্যর্থতা—শেষ বলে লোপ্পা ফুলটস পেয়েও কাজে লাগাতে না-পারা। বিতর্ক—বলটি কী আসলে ‘নো’ ছিল?
ব্যর্থতার ব্যাখ্যায় এনামুল আশ্রয় খুঁজলেন ক্রিকেট দর্শনে, ‘শেষ বলে ভেবেছিলাম হয়তো ইয়র্কার বা স্লোয়ার করতে পারে। আরও অনেক কিছুই করতে পারত। আমি ভেবেছিলাম যে বলই আসুক, বাউন্ডারি মারতে হবে...কিন্তু হলো না। আসলে কিছু কিছু সময় এমন হয়, ফুলটস কেন, হাফ ভলি বা ফ্রি-হিটও অনেকে অনেক সময় মিস করে। এটাও খেলার একটা অংশ। শেষ ওভারে ১৭ দরকার ছিল, ১৪ নিয়েই ফেলেছিলাম। স্নায়ুচাপের ব্যাপার তাই ছিল না। আমার প্রত্যাশামতো পেলে হয়তো বাউন্ডারি মারতে পারতাম...।’
ব্যর্থতা স্বীকারে অকপট হলেও বিতর্কে তাঁকে টানা গেল না। কদিন আগেই আম্পায়ারিংয়ের সমালোচনা করায় ভর্ৎসনা শুনতে হয়েছে শামসুর রহমানকে। অনেকভাবে প্রশ্ন করেও নো-বলের আক্ষেপ বের করা গেল না এনামুলের কাছ থেকে, ‘বল কোমরের ওপরে ছিল কি না...এতে আসলে আমার বলার কিছু নেই। আমিই যখন ব্যাটিং করেছি, আমার পক্ষে বিচার করা কঠিন। পরে এসে অনেক কথা শুনছি, দেখছি। মাঠে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার চেষ্টা ছিল শেষ বলে বাউন্ডারি মারার। আমার কারণেই হয়নি। এই তো...।’
ফুলটস আকাশে তুলে বোলার থিসারা পেরেরার তালুবন্দী হওয়ার পরও আশা জেগেছিল ক্ষণিকের জন্য। আম্পায়ার যখন নো বল কি না দেখার জন্য সাহায্য চাইলেন তৃতীয় আম্পায়ারের। গত বছর এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ডগ ব্রেসওয়েলের বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তৃতীয় আম্পায়ার নো বল ডাকায়। পরশু হলো না, হতাশাটা ফিরে এল যেন দ্বিগুণ হয়ে।
তবে পরশু রাতে যেমন সম্ভাবনার মৃত্যু হয়েছে মাঠে, পরে মাটি চাপা দিয়েছেন হতাশার। কাল তাই আত্মবিশ্বাসী কণ্ঠের উচ্চারণ, ‘হতাশা আর বাড়ছে না। বরং চিন্তা করছি এই বলটাই পরের টি-টোয়েন্টিতে পেলে কোথায় পাঠাব!’
কী বুঝলেন? এনামুলের এই গর্বিত আর সাহসী ঘোষণাই আসলে নতুন দিনের বাংলাদেশের বিজ্ঞাপন।